অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ছবি।
বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ছবি।

রাজধানী ঢাকার গুলশান থানার নাশকতার মামলায় বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত ।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে উপস্থিত হয়ে হাফিজ উদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজনকে ২১ মাসের কারাদণ্ড দেয় আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন বিএনপি নেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং বিএনপির সাবেক নেতা মো. হানিফ।

রায় ঘোষণার সময় হাফিজ উদ্দিন আহমেদ আদালতে হাজির ছিলেন না। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

হাফিজ উদ্দিন আহমেদ শারীরিক অসুস্থতার জন্য দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় এতদিন আদালতে উপস্থিত হননি। মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উচ্চ আদালতে আপিল করার শর্তে তিনি জামিন চান। আদালত হাফিজ উদ্দিনের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় এ কারাদণ্ড দিয়েছিলেন। তাঁদের দণ্ডবিধির ১৪৩ ধারায় তিন মাস এবং ৪৩৫ ধারায় দেড় বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। বয়স বিবেচনায় তাদের এ কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

তবে এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলতাফ হোসেন চৌধুরী।

২০১১ সালে পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে এ মামলা হয়।

This item is part of
XS
SM
MD
LG