অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ: ‘খাদ্য নিরাপত্তা টেকসই করতে গবেষণায় আরও জোর দিতে হবে’

ঢাকার খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ২৭ মার্চ, ২০২৪।
ঢাকার খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ২৭ মার্চ, ২০২৪।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, “আমরা খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। দেশের জীবিকানির্বাহী কৃষি এখন বাণিজ্যিকীকরণের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। বর্তমানে দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। তবে জনসংখ্যা বাড়ছে আর চাষের জমি কমছে। এসব কারণে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা টেকসই করার জন্য গবেষণা আরও জোরদারের মাধ্যমে বিভিন্ন ফসলের স্বল্প জীবনকালীন ও উচ্চফলনশীল নতুন জাত উদ্ভাবন করতে এবং খাদ্যের উৎপাদন আরও বাড়াতে হবে।”

বুধবার (২৭ মার্চ) সকালে রাজধানী ঢাকার খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র এবং বাংলাদেশ গবেষণা দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আব্দুস শহীদ বলেন, “আমাদের বিজ্ঞানী ও গবেষণা সংস্থাগুলো ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রকে কাজে লাগিয়ে নতুন জাত উদ্ভাবনে সময় কমিয়ে আনতে হবে। স্বল্প সময়ের মধ্যে ফসলের নতুন উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার। বক্তব্য দেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলস, কানাডার ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ানের ভাইস প্রেসিডেন্ট বালজিত সিং, বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের প্রকল্প পরিচালক এবিএম খালদুন।

This item is part of
XS
SM
MD
LG