অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্মি জাহাজ আবদুল্লাহর নাবিকদের চলতি মাসেই উদ্ধার করা সম্ভব হবে’, জানালেন প্রতিমন্ত্রী খালিদ

সাংবাদিকদের সঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ৯ এপ্রিল, ২০২৪।
সাংবাদিকদের সঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ৯ এপ্রিল, ২০২৪।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে চলতি মাসেই উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।

“আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে নাবিকদের নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে কাজ চলছে। পুরো পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে; আমরা আশা করি আমরা ২৩ জিম্মিকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হবো;” জানান খালিদ মাহমুদ চৌধুরী।

ক্রুদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান যে নৌপরিবহন অধিদপ্তর তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। জিম্মি নাবিকরা সকলেই নিরাপদ ও সুস্থ আছেন বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “ঈদুল ফিতরের আগেই তাদের ফিরিয়ে আনার টার্গেট ছিলো; আমরা টার্গেট মিস করেছি।আশা করছি খুব শিগগিরই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। আরো বলেন, “তবে নৌপরিবহন দপ্তরও কাজ করছে।"

এর আগে, শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহর নাবিকদের উদ্ধারে আলোচনা ও চাপসহ সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

“যারা জাহাজ অপহরণ করেছে তাদের সঙ্গে আলোচনা চলছে। নাবিকরা ভালো আছেন। তাদের খাবার-দাবারে কোনো অসুবিধা নেই;” জানান হাছান মাহমুদ।

উল্লেখ্য, লন্ডন ও কুয়ালালামপুরভিত্তিক জলদস্যুদের পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি) ১৪ মার্চ জানায়, মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে, ১২ মার্চ বেলা দেড়টায় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ।

This item is part of
XS
SM
MD
LG