খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের উপ-প্রেসসচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) একথা জানানো হয়।
পাশাপাশি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তিও পেয়েছেন।
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছাত্র নেতাদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান নাহিদ।
মঙ্গলবার সকালে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ড. ইউনূসকে নেতৃত্বে রেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা।
নাহিদ জোর গলায় বলেন, "আমরা আজ সকালের মধ্যে এই প্রক্রিয়ার শুরু দেখতে চাই।"
নাহিদ জানান, ড. ইউনূসের সঙ্গে ছাত্রনেতাদের কথা হয়েছে। তিনি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে সম্মত হয়েছেন।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
মৃতের সংখ্যা
সোমবারও ঢাকাসহ দেশব্যাপী সংঘর্ষে প্রাণহানির খবর পাওয়া গেছে।
এএফপি বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে সোমবারের সংঘর্ষে নিহতের সংখ্যা ৬৬।
বাংলাদেশের দৈনিক ঢাকা ট্রিবিউন জানিয়েছে ১৩৫ জন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর “সংযমের” প্রশংসা করেছে
যুক্তরাষ্ট্র সরকার সোমবার বাংলাদেশের সেনাবাহিনীর “সংযমের” প্রশংসা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণতান্ত্রিক পদ্ধতিতে একটি অন্তর্বতীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র সোমবার বলেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশকে গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে আসছে এবং আমরা গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক উপায়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনী আজ যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা তাদের প্রশংসা করি।”
হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে সংশ্লিষ্ট পক্ষ বা দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকতে এবং যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানাই।”
যুক্তরাষ্ট্র সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন যারা দ্রুত গণতান্ত্রিক নির্বাচন করতে পারবে।
“ন্যায়সঙ্গত বিক্ষোভের প্রতি প্রধানমন্ত্রী হাসিনার সহিংস প্রতিক্রিয়ার কারণে তার ক্ষমতায় বহাল থাকাকে অসমর্থনযোগ্য করে তুলেছিল। আমি সাহসী বিক্ষোভকারীদের প্রশংসা করি এবং নিহতদের জন্য ন্যায়বিচার দাবি করি,” ডেমোক্র্যাট শুমার সামাজিক মাধ্যম এক্স-এ এই মন্তব্য পোস্ট করেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ওয়াশিংটন “নাগরিক অস্থিরতার” কথা উল্লেখ করে আমেরিকানদের এশিয়ার দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।