অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২৩:১৪ ১.৮.২০২৪

শিক্ষার্থী নয় শুধু সন্ত্রাসীদের ওপর আইনের প্রয়োগ হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

নিরাপরাধ শিক্ষার্থী নয়, শুধু সন্ত্রাসীদের ওপর আইনের প্রয়োগ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার দ্ব্যর্থহীনভাবে বলতে চায় আইনের প্রয়োগ ঘটবে শুধু সন্ত্রাসীদের ওপরে। সুনির্দিষ্ট প্রমাণসাপেক্ষে ফৌজদারি অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের ওপরে আইনের প্রয়োগ ঘটবে। তাদের গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, "পুলিশ প্রশাসনের সঙ্গে আলাপ হয়েছে, যেসব শিক্ষার্থী আন্দোলনে স্লোগান দিয়েছে, পানি বিতরণ করেছে তাদেরও যেন কোনোভাবে হয়রানি করা না হয়। তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হয়।"

তিনি বলেন, "স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে প্রতিটি হতাহতের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্টেরও সহায়তা নেব। এখানে আমরা পুরোপুরি স্বচ্ছ ও জবাবদিহির মধ্যে থাকতে চাই।"

প্রতিমন্ত্রী বলেন, "মৃত্যুগুলো, ঘটনাগুলোকে ঘিরে আজ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং বদনাম করার এক ধরনের অপপ্রয়াস চালানো হচ্ছে। এসব ঘটনার ক্ষতিগ্রস্তরা যেমন বিচার চান, সরকারও একইভাবে বিচার চায়। আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। এ মৃত্যু ও হতাহতের ঘটনার জন্য সরকার দুঃখিত।"

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, "যারা আবেগ নিয়ে রাস্তায় যাচ্ছেন, তাদের খেয়াল করতে হবে, আবার সন্ত্রাসীরা যদি এটাকে সুযোগ হিসেবে নেয়, আবার তারা যদি হতাহতের, সংঘাতের অবস্থা তৈরি করে, তার দায় কে নেবে? এখানে শিক্ষার্থীদের একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ তৃতীয়পক্ষ বসে আছে দেশকে অরাজক পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য।"

প্রতিমন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য যারা আছে, কাউকেই গুলি করার কোনো অনুমতি ছিল না। সংবিধান ও আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না, ক্ষেত্রবিশেষে কেউ কেউ, মাঠে আইন ভাঙেননি। আমরা এটা তদন্ত করে তাদেরও বিচারের আওতায় আনব। পুরো পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটে। সরকারের দায়িত্ব হলো যারা আইন ভেঙেছে, যারা অন্যায় করেছে, সে যেই হোক তাদের আমরা তদন্ত করে বিচারের মুখোমুখি করব।"

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

০২:২৫ ২.৮.২০২৪

গান গেয়ে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ

জাবির শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে গান গেয়ে প্রতিবাদ মিছিল করেন।
জাবির শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে গান গেয়ে প্রতিবাদ মিছিল করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ মাহমুদের মুক্তির দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গান গেয়ে এই প্রতিবাদ মিছিল করেন তারা।

দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শহীদ মিনার এলাকা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

০২:৩১ ২.৮.২০২৪

ক্যাম্পাসে শিক্ষার্থীদের গ্রেফতারে রাবি শিক্ষকদের বাধা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)

দেশব্যাপী শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মৌন মিছিলে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা। অংশগ্রহণকারীরা তাদের বিক্ষোভের প্রতীক হিসাবে লাল পোশাক পরেছিলেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে মিছিল শেষে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের চেষ্টা করে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক ঠেকাতে হস্তক্ষেপ করায় গ্রেফতার বাধাগ্রস্ত হয়।

এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের সংঘর্ষ হয়। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাদা পোশাকের কর্মকর্তারা বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালান।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

০২:৩৩ ২.৮.২০২৪

চাঁদপুরে 'রিমেমবারিং আওয়ার হিরোজ' কর্মসূচিতে হামলায় আহত ১০

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

চাঁদপুর বাসস্ট্যান্ডে পূর্ব নির্ধারিত 'রিমেম্বিং আওয়ার হিরোজ' কর্মসূচি পালন করার সময় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৩টা থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। তবে পুলিশের সহায়তায় ব্যস্ততম সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

তারা বলছেন, হঠাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠন ছাত্র ও যুবলীগের সদস্যরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে অন্তত ১০ জন আহত হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ইউএনবি বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে রাস্তায় নামে। কিন্তু তাদের রাস্তা থেকে দূরে অবস্থান করে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, হামলার বিষয়টি তার জানা নেই।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG