অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৯:১৪ ২.৮.২০২৪

হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৫০, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের মিছিল শহরের প্রধান সড়ক অতিক্রম কালে আওয়ামী লীগ অফিসের কাছে পৌঁছালে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে যায়। এর পরপর আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় মুসলিম কোয়ার্টারের সামনে প্রধান সড়কে ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে, পুলিশের সঙ্গে বিজিবি যোগ দেয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৯:১৬ ২.৮.২০২৪

সিলেটে ছাত্র-জনতার মিছিলে পুলিশের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থী-জনতার সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নগরীর আখালিয়া এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলে বাধা দিলে, এই সংঘর্ষ শুরু হয়।

ছাত্র-জনতা মিছিল শুরু করলে, পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় আন্দোলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষর্শীরা জানান, জুমার নামাজের পর বিকাল ৩টার দিকে নগরীর আখালিয়ার সুরমা গেট এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থী ও স্থানীয় জনতা সমবেত হয়।

আন্দোলনকারীরা মিছিল শুরু করলে, বিকাল ৪টার দিকে পুলিশ বাধা দেয় এবং রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

এসময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয় বলে জানা গেছে। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিকাল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিলো।

এ ঘটনায়, এক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৯:১৭ ২.৮.২০২৪

খুলনায় বৈষম্য বিরোধী সমাবেশে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

খুলনায় বিক্ষোভ
খুলনায় বিক্ষোভ

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকাল সোয়া ৩টার দিকে শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল গাল্লামারী এলাকায় পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়।

শিক্ষার্থীদের মিছিল গল্লামারী এলাৈকায় পৌঁছালে, জিরো পয়েন্টের কাছে থাকা পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপরই সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের যোগ দিতে দেখা যায়। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে, পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। এরপর শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেন।

বিকাল ৪টার দিকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে, দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থন করেন। আর, তাদের দুই পাশ দিয়ে ঘিরে রাখে পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ক্রমাগত তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৯:১৯ ২.৮.২০২৪

চট্টগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

চট্টগ্রামে বিক্ষোভ
চট্টগ্রামে বিক্ষোভ

বৈষম্য বিরোধী আন্দোলনের আহবানে, চট্টগ্রামে,পুলিশের বাধা ও বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার (২ আগস্ট) বৃষ্টি উপেক্ষা করে, নগরীর আন্দরকিল্লা চত্বর থেকে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবক মিছিল শুরু করেন। মিছিলটি টেরি বাজার, লালদীঘি পাড়, কোতোয়ালী হয়ে নিউ মার্কেট চত্বরে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

সেখানে প্রায় ৩০ মিনিটের মতো সমাবেশ করেন তারা। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, “আমাদের ভাইদের হত্যার বিচারসহ ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হত্যা, গ্রেপ্তার, হামলা ও মামলা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে, তার পুরো পরিবারসহ শত শত শিক্ষার্থী আন্দোলনে যোগ দিচ্ছেন।”

আন্দোলন ঘিরে আন্দরকিল্লা মোড়সহ চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পুলিশ প্রথমদিকে মিছিলে বাধা দেয়ার চেষ্টা করলেও, শিক্ষার্থীদের দৃঢ় অবস্থানের কারণে পিছু হটে।

বেলা ৩টার দিকে নিউ মার্কেট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্টেশন রোড, বিআরটিসি মোড়, কদমতলী অতিক্রম করে টাইগার পাস মোড়ে গিয়ে সমাবেশ করে। পরে, আবার মিছিল করে নগরীর ওয়াসার মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করে বিকেল ৪টায়।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ডাক দেন।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG