অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২২:৫৩ ৩.৮.২০২৪

শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা-ভাঙচুর

কোটা সংস্কার আন্দোলন থেকে চট্টগ্রামের ষোলশহরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এসময় বাড়ির সামনে রাখা দুটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ষোলশহর অতিক্রমকালে এ হামলা হয় বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।

স্থানীয়দের কয়েকজন জানান, ছাত্রদের একটা অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়িটির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়ির নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।

তাৎক্ষণিকভাবে অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

এর আগে, নগরীর টাইগারপাস পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। মিছিল থেকে নগরীর ওয়াসা মোড় এলাকায় পেট্রোল পাম্পের পাশে স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসেও অগ্নিসংযোগ করা হয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২৩:৩৩ ৩.৮.২০২৪

'রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে,' বললেন সেনাপ্রধান

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৩ আগস্ট) সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে তিনি তা গ্রহণ করেন।

এসময় দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।"

এ ছাড়াও, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সকল সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডারসহ সকল পদবির সেনাকর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

০৪:১৩ ৪.৮.২০২৪

রবিবার ভিসা সেবা বন্ধ রাখ‌বে যুক্তরাষ্ট্র দূতাবাস

রবিবার বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসের সমস্ত ভিসা এবং ইউএস সিটিজেন সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বলা হয়েছে।

শ‌নিবার (৩ আগস্ট) রা‌তে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বার্তায় আরও বলা হয়েছে, দূতাবাস রবিবার সীমিত আকারে খোলা থাকবে ও কার্যক্রম চলবে।

জরুরী ভ্রমণ পরিকল্পনা যাদের রয়েছে তাঁরা একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অনুরোধ করতে পারেন।

১৭:০৪ ৪.৮.২০২৪

মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষে নিহত ২ জন

মুন্সীগঞ্জ সদরে আন্দোলনকারী, আওয়ামী লীগ কর্মী ও পুলিশের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স যথাক্রমে ৩০ ও ৩৫ বছর।

এ ঘটনার পর জেলা শহর ও এর আশপাশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে শহরের সুপার মার্কেট সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাস্কর্যের পাদদেশে সমবেত হতে থাকেন আন্দোলনকারীরা।

কিছুক্ষণ পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে এলাকা দখলে নেয়। এরপর ক্ষুদ্ধ আন্দোলনকারীরা সংগঠিত হয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়।আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, সংঘর্ষে দুইজন নিহত হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। পুলিশকে গুলি না চালানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG