ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অন্তত ২০ জন, কয়েকজন গুলিবিদ্ধ
এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন চলাকালে আহত অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রবিবার (৪ আগস্ট) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে তারা আহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষ হয়।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, নিহত অন্তত ৪ জন
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের ডাকা 'অসহযোগ আন্দোলনের' মধ্যে রবিবার (৪ আগস্ট) সিরাজগঞ্জে বিক্ষোভকারী, আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।
এ ছাড়া, জেলায় দুই সংসদ সদস্যের বাড়িঘর ও থানা-ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যাক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথমে সদর উপজেলার এস এস রোডে সমবেত হন। পরে বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ শুরু হয়।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা এর পর, সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এতে আরো তিনজন নিহত এবং অনেকে আহত হন।
সিরাজগঞ্জ-২ ও ৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও মেরিনা জাহানের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জেলা প্রশাসক ও সদর উপজেলার সহকারী কমিশনারের (এসিল্যান্ড) কার্যালয়ও ভাঙচুর করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়িতে হামলা হয়। পাশাপাশি বেলকুচি থানা ঘেরাও করে বিক্ষোভকারীরা।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
আবার বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে আবার বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।রবিবার (৪ আগস্ট) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা দেয় বিটিআরসি।
শুধুমাত্র কল করার জন্য টুজি পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
এদিকে, এক বিবৃতিতে গ্রামীণফোন জানায়, “কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।”
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
রবিবার সন্ধ্যা ৬টা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কারফিউ জারি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার।
ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে কারফিউ বলবৎ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানান সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)