নড়াইলে মাশরাফি বিন মর্তুজার বাড়িতে অগ্নিসংযোগ
এ ছাড়া পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। সোমবার (৫ আগস্ট) বিকালে দফায় দফায় এসব হামলা ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে।
বিএনপির জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “কে বা কারা আগুন দিচ্ছে, ভাঙচুর করছে এবং লুটপাট করছে তা আমাদের জানা নেই। আমরা দলের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি।”
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান জানান, জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, পালিয়ে গেছে সব বন্দী
সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে গেছে সব হাজতি ও কয়েদি। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালালে এ ঘটনা ঘটে।
এসময় হামলাকারী এবং হাজতি-কয়েদিরা কারারক্ষীদের জিম্মি করে চাবি নিয়ে নেয় এবং জেলখানা এলাকায় সব আলো নিভিয়ে দেয়। এরপর সব হাজতি ও কয়েদি বের হয়ে যায়।
সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানন, সন্ধ্যার পর জেলা কারাগারে হামলা চালিয়ে বন্দীদের বের করে নিয়ে যাওয়া হয়।
তবে, কতজন হাজতি ও কয়েদি সেখান থেকে বের হয়ে গেছে তার সঠিক কোন পরিসংখ্যান জানাতে পারেননি পুলিশ সুপার।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানির ঘটনার নিন্দা জানালেন জাতিসংঘের মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে গত সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালে আরও প্রাণহানির ঘটনার নিন্দা জানিয়েছেন। মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সেনাপ্রধানের সর্বসাম্প্রতিক বক্তব্য এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে ঐ বিবৃতিতে বলা হয়।
তিনি সবাইকে শান্ত থাকা এবং শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক এবং গনতান্ত্রিকভাবে ক্ষমতার হস্তান্তরের গুরুত্বের ওপর জোর দেন।
মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের মানুষের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং মানবাধিকার রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হবার আহবান জানান।
তিনি সব সহিংস ঘটনার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত আশা করেন।
বঙ্গভবন বৈঠকে খালেদা জিয়াকে মুক্তি দেবার সিদ্ধান্ত
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, কয়েকটি রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে অনতিবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে এবং অন্যান্য অভিযোগে আটক সবাইকে মুক্তি দেবার সিদ্ধান্ত নেয়া হয়।
তাছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সবাইকে ধৈর্য ধরতে এবং সহনশীল হবার আহ্বান জানানো হয়। লুটতরাজ এবং সহিংস তৎপরতা থামাতে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।