অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৭:২৯ ৬.৮.২০২৪

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভারতের রাজ্যসভায় বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন, প্রতিবেশী বাংলাদেশে "আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া পর্যন্ত (তাঁরা) গভীরভাবে উদ্বিগ্ন"।

পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনা ভারতে আছেন।

জয়শঙ্কর বলেন, "আমরা ... স্বভাবতই আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন থাকব।"

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সোমবারের হামলায় উদ্বেগ প্রকাশ করে এস জয়শঙ্কর বলেছেন, “তাদের (সংখ্যালঘুদের) সুরক্ষা এবং মঙ্গল নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী এবং সংস্থার উদ্যোগের বিভিন্ন প্রতিবেদন রয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই, তবে স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীরভাবে উদ্বেগ থাকবে।”

১৭:৪৫ ৬.৮.২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

মঙ্গলবার থেকেই হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খোলার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া হলগুলোর সেবা অব্যাহত রাখা এবং শুধুমাত্র বৈধ শিক্ষার্থীদের হলগুলোতে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম শুরু হবে।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৯:৫৩ ৬.৮.২০২৪

বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক

বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিমানবন্দরের স্টাফ ও কর্মীরা তাকে আটক করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দর গিয়েছিলেন।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২০:০৯ ৬.৮.২০২৪

সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল আনা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়াও, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG