অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২০:৫২ ৬.৮.২০২৪

নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হবে কি না, জানা যাবে বুধবার

ঢাকার একটি কলেজের পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা। (ফাইল ছবি)
ঢাকার একটি কলেজের পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা। (ফাইল ছবি)

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মাঝে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটিও হবে কি না, আগামীকাল (বুধবার) জানা যাবে।

মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।

তিনি বলেন, "১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হবে কি না বুধবার জানা যাবে। (সহিংসতায়) অনেক পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন।"

"এছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে। ব্যস্ততার কারণে আমরা এ নিয়ে এখনও বসতে পারিনি। বুধবার নোটিশ দিয়ে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।"

প্রসঙ্গত, চলতি গত ৩০ জুন থেকে শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদরাসা বোর্ডের অধীনে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা শুরু হলে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে গত ১৮ জুলাই প্রথম এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতির আরও অবনতি হলে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়। সবশেষ তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত থাকা সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২১:১৯ ৬.৮.২০২৪

দেশজুড়ে টার্গেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে টার্গেট হন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

নাটোরে এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ লাশ উদ্ধার

নাটোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে ৪টি দগ্ধ লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে স্থানীয়রা শহরের কান্দিভিটায় শিমুলের বাসভবনের ভেতরে গিয়ে লাশগুলো দেখতে পায়।

এসময় অনেককেই বাড়িটির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যেতে দেখা যায়। পরে খোঁজ পেয়ে স্বজনরা গিয়ে লাশগুলো শনাক্ত করে নিয়ে যায়।

নিহতরা হলেন- নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান, তালতলা এলাকার এইচএসসি পরীক্ষার্থী সিয়াম, বড়গাছা এলাকার শফিকুল ইসলাম মোহন এবং মল্লিকহাটী এলাকার বাসিন্দা ইয়াসিন।

তবে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি।

জনরোষ থেকে বাঁচতে পানিতে ঝাঁপ, প্রাণ গেল আ.লীগ নেতার

সোমবার (৫ আগস্ট) রাতে জেলার শাহরাস্তি উপজেলায় সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মজুমদারের (৬৫) বাড়িতে হামলা চালানো হয়।

এসময় জনরোষ থেকে প্রাণে বাঁচতে রাতের অন্ধকারে বাড়ির পাশের পুকুরের পানিতে ঝাঁপ দেন তিনি। তবে সাঁতার না জানায় শেষ রক্ষা হয়নি তার। সেখানেই ডুবে মারা যান তিনি।

জয়পুরহাটে হুইপের বাসা থানাসহ মেয়রের অফিসে হামলায় নিহত ১, আহত ৪০

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাসভবন, জয়পুরহাট থানা ও পৌরসভার মেয়রের অফিসসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় শেখ মেহেদী নামে একজন নিহত ও অন্তত ৪০ আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনসহ ৩৪ জনকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকালে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।

হামলায় জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়, সদর উপজেলা পরিষদ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একাধিক নেতার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়েছে।

লালমনিরহাটে ২ এমপি ও শতাধিক আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, ৬ জনের লাশ উদ্ধার

লালমনিরহাটে দুই সংসদ সদস্য ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ আগস্ট) রাতে এসব তাণ্ডব চালানো হয়।

লালমনিরহাট ফায়ার সার্ভিস জানিয়েছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বাসা থেকে ছয়টি দগ্ধ লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। ভোর সাড়ে ৪টার দিকে ওই বাড়ির চতুর্থ তলা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধারের পর লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়ার হয়েছে।

শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে শুরু হয় অস্থিরতা।

সোমবার বিকালে শেখ হাসিনার পদত্যাগ উপলক্ষে বিজয় মিছিল বের করা হয়। জেলার প্রধান প্রধান সড়ক ও মোড় দিয়ে উল্লাসে মেতে ওঠে জনতা।

তবে দ্রুতই উৎসব হিংসাত্মক রূপ নেয়। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বাড়িঘর ও সম্পদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান এবং সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে গভীর রাত পর্যন্ত ভাঙচুর চলে।

বেশি পরিমাণে দগ্ধ হওয়ায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী বিক্ষোভে জড়িত নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার আশঙ্কা প্রকাশ করেছে যে লাশাগুলো তাদের প্রিয়জনদের হতে পারে। নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা রাজিবুল করিম সরকার জানান, পোড়া দেহাবশেষের মধ্যে যে পোশাক ও জুতা পাওয়া গেছে তা তার ছেলের জিনিসপত্রের সঙ্গে মিল রয়েছে।

তিনি ধারণা করছেন, হতাহতরা ভবনটিতে আটকা পড়ে থাকতে পারেন।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে ডিএনএ পরীক্ষা করার পরিকল্পনা করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

যশোরে জাবির ইন্টারন্যাশনাল হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৮

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা জাবির ইন্টারন্যাশনাল হোটেলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ এম মামুন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর হাজার হাজার ছাত্রজনতা রাস্তায় নেমে বিজয় উল্লাস ও মিছিল করে। শহরের প্রধান প্রধান সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। জনতার কিছু অংশ শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেলের ভাস্কর্য, জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর করে।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল, বাড়ি, অফিস ও প্রেসে আগুন ধরিয়ে দেয় জনতা।

প্রায় ঘণ্টাখানেক পর হোটেল জাবির ইন্টারন্যাশনালে উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়। বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়।

পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ১৪ তলা হোটেলটির বিভিন্ন তলা থেকে লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।

বিকাল পৌনে ৩টার দিকে শিক্ষার্থী ও নাগরিকরা যশোরে একটি বিজয় মিছিল বের করলে উত্তেজিত জনতা চিত্রা মোড়ের জাবির ইন্টারন্যাশনাল হোটেলে ভাঙচুর শুরু করে। সোয়া ৪টার দিকে তারা হোটেলে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে এলে আটকে পড়া কয়েকজন ১৪ তলা থেকে সাহায্য চাইলে উদ্ধারকারী হেলিকপ্টার ছাদে নামার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে ছাদে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় হেলিকপ্টারটি।

চাকলাদারের হোটেল ছাড়াও কাজীপাড়ার কাঁঠালতলায় তার বাসভবন, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবন, জেলা আওয়ামী লীগ কার্যালয়, শেখ রাসেলের ভাস্কর্যসহ বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর চালানো হয়।

সন্ধ্যায় যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে জাবির ইন্টারন্যাশনাল হোটেলে অগ্নিসংযোগের নিন্দা জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের মিছিল হোটেলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালায়। সহিংসতা ও অগ্নিসংযোগের জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান রাশেদ খান।

খুলনায় গণপিটুনিতে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৩

খুলনায় বিজয় মিছিলের ওপর গুলি করার ঘটনায় গণপিটুনিতে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজাসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত অপর দুজন হলেন- জি এম মহসিন রেজার গাড়িচালক আলমগীর হোসেন ও ব্যক্তিগত সহকারী মফিজুল ইসলাম।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পেয়ে সাধারণ জনতা বিজয় মিছিল বের করে। মিছিলটি জি এম মহসিন রেজার বাসভবনের সামনে গেলে তিনি ব্যক্তিগত পিস্তল দিয়ে মিছিলের ওপর ৭ রাউন্ড গুলি করেন। এতে সাব্বির, আলতাফ, আবু মুছা, নূরুজ্জামানসহ ৭ জন আহত হয়।

পরে বিক্ষুব্ধ জনতা জি এম মহসিন রেজার বাসভবনে ঢুকে তাকে ও তার দুই সহযোগীকে মারধর ও বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে জিএম মহসিন রেজাসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২২:৩৫ ৬.৮.২০২৪

সেনেটর কারডিনঃ ‘দ্রুত নির্বাচনের লক্ষে কেয়ারটেকার সরকার গঠন করুন’  

US Senator Ben Cardin, the chairman of the Senate Foreign Relations Committee speaks during his hearing to confirm Jacob Lew’s nomination to be US Ambassador to Israel on October 18, 2023 at the US Capitol in Washington, DC. (Photo by ROBERTO SCHMIDT / AF
যুক্তরাষ্ট্র সেনেটের ফরেন রিলেশন্স কমিটির সভাপতি বেন কারডিন।

যুক্তরাষ্ট্র সেনেটের ফরেন রিলেশন্স কমিটির সভাপতি বেন কারডিন মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশের কর্তৃপক্ষকে একটি “দায়িত্বশীল কেয়ারটেকার সরকার” গঠনের জন্য আহ্বান জানিয়েছেন, যারা “দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করবে।”

“এমন একটি সরকার বাংলাদেশের জনগণের প্রাপ্য, যারা তাদের কণ্ঠের মর্যাদা দেবে, তাদের ইচ্ছাকে সম্মান করবে এবং জাতীর মর্যাদা সমুন্নত রাখবে,” তিনি বলেন।

কারডিন বলেন, যখন সারা বিশ্বে গণতন্ত্র এবং মুক্ত রাজনৈতিক চিন্তা হুমকির মুখে, তখন “বাংলাদেশের জনগণ পরিবর্তন আনার জন্য সম্মিলিত প্রচেষ্টার ক্ষমতা বিশ্ববাসীকে দেখিয়েছে।”

“যখন নাগরিকরা ঐক্যবদ্ধ হয়, তাদের কণ্ঠ এমনকি গেঁথে বসা কর্তৃত্ববাদী নেতাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে পারে,” তিনি বলেন।

কারডিন বলেন, গত এক দশক ধরে সরকার বিরোধীদের দমন করেছে, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে, নিজ দেশের জনগণের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে।

কিন্তু আজ “আমরা বাংলাদেশের সাংবিধানিক মূল্যবোধের ভিত্তিতে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করার সুযোগ সেলিব্রেট করছি,” তিনি বলেন।

২৩:৩২ ৬.৮.২০২৪

সহিংসতায় নিহতদের পরিবারের ১১ দফা দাবি

জুলাই মাসে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ। ফাইল ছবি।
জুলাই মাসে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ। ফাইল ছবি।

সরকারি চাকরি দিয়ে পুনর্বাসনসহ ১১ দফা দাবি জানিয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবার।

প্রস্তাবিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবার বিষয়ক কমিটি’র আহ্বায়ক হারুনুর রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থী, শিশু, যুবক, বৃদ্ধ, পুরুষ ও নারীর পরিবারের সঠিক তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটির দাবিগুলোর মধ্যে রয়েছে- ফুড কার্ড কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব শিক্ষার্থীকে মাসিক দুই থেকে তিন হাজার টাকা করে অনুদান প্রদান, চাকরিপ্রার্থীদের তিন হাজার টাকা বেকার ভাতা প্রদান, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে আহতদের চিকিৎসার জন্য সশস্ত্র বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন করা।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি সরকারি বৃত্তি প্রদান, শেখ হাসিনা পরিবারের বিভিন্ন ব্যক্তির নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং পিলখানায় শহীদ সেনা কর্মকর্তার নামে এবং বিভিন্ন আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের নামে নামকরণ।

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জরুরি ভিত্তিতে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে নিরপেক্ষ সাবেক সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তি এবং বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটকে সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

বিগত দিনে আন্দোলনে ব্যবহৃত সকল অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত উদ্যোগ নেওয়া, বিগত সরকারের আমলে জুলুম-নির্যাতনের কারণে পদোন্নতি/বাধ্যতামূলক অবসরের কারণে সুবিধাবঞ্চিত সকল শ্রেণীর সৎ ও দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পুনঃনিয়োগের বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- বড় বড় ঋণখেলাপি ও বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত আদায় এবং সামরিক আদালতে ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের দ্রুত বিচার এবং কোটাবিরোধী আন্দোলনের সক্রিয়, আহত ও নিহতদের পরিবারের মধ্য থেকে কমপক্ষে একজনকে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করা।

কমিটি এই আন্দোলনে নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। পাশাপাশি সেনাপ্রধানসহ সশস্ত্র বাহিনীর সকল স্তরের সেনা কর্মকর্তা ও সৈনিকদের অভিনন্দন জানিয়েছে।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG