অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৮:০৭ ৭.৮.২০২৪

নৈরাজ্য-লুটপাট বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটপাট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৭ অগাস্ট) পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন।

নতুন আইজিপিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতির দিকে পুলিশকে মনোযোগী হতে হবে।

পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য যাতে চেইন অব কমান্ড মেনে উচ্চ মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:১৪ ৭.৮.২০২৪

সীমান্ত অতিক্রম রোধে জনসহযোগিতা চেয়েছে বিজিবি

অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে জনসাধারণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ অগাস্ট) এক বার্তায় সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালানো রোধে সব নাগরিকের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সীমান্ত পার হওয়া উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:২৮ ৭.৮.২০২৪

পুলিশে ব্যাপক রদবদল, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর লোগো
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর লোগো

বাংলাদেশে পুলিশে এসেছে বড় ধরনের রদবদল। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে।

বুধবার (৭ অগাস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে হাবিবুর রহমানকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরের দায়িত্ব থেকে বদলি হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে র‌্যাবের ডিজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে সরকার চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়। এর আগে তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:৩১ ৭.৮.২০২৪

স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ১১ অগাস্ট থেকে পুনরায় শুরুর কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে আবারও স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ অগাস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ এ জেড মোরশেদ আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষা নেওয়ার সময়সূচি পরে জানানো হবে।

এর আগে মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেছিলেন, বুধবার জানা যাবে যে, কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা বাড়তে থাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ অগাস্ট।

(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG