বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন মুখপাত্র মেসবাউল
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র মো. মেসবাউল হক।
তিনি বলেন, “শীর্ষ কর্মকর্তাদের সরকার চুক্তির ভিত্তিতে নিয়োগ দিয়েছিল। তারা সবেমাত্র পদত্যাগ করেছেন। ফলে তাদের বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।”
বুধবার (৭ অগাস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক নতুন সরকারের কাছে কর্মীদের দাবি-দাওয়া উপস্থাপন করবে।”
বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংক ভবনে অস্থিরতা ছড়িয়ে পড়ায় কর্মচারীদের চাপের মুখে দুই ডেপুটি গভর্নর পদত্যাগ করেন।
দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের বিষয়ে মেজবাউল হক বলেন, “সরকার তাদের নিয়োগ দিয়েছে। পদত্যাগপত্র জমা দিতে হলে সরকারকে দিতে হবে। তারা অন্য কাউকে পদত্যাগপত্র দিতে পারবে না।”
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয়ে মুখপাত্র বলেন, তিনি ছুটিতে আছেন।
গভর্নরের অনুপস্থিতিতে ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কর্মচারীরা ডেপুটি গভর্নরদের পদত্যাগ দাবি করায় তারা সাদা কাগজে পদত্যাগপত্র জমা দেন।
তবে বড় নীতিগত সিদ্ধান্ত সরকারকে বাদ দিয়ে হয় না। এখন মূলত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত থাকবে বলে ব্যাখ্যায় জানান তিনি।
সাংবাদিকেরা এস আলম গ্রুপের মালিকানাধীন সাতটি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় এখন অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, “তারা (অন্তর্বর্তী সরকার) আমাদের যা নির্দেশনা দেবে আমরা তা অনুসরণ করব। আমরা আইনি সংস্কারের কথা বলেছি। আজ (বুধবার) যারা (কর্মচারীরা) পদত্যাগ দাবি করেছেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে আইনের ফাঁকফোকর খুঁজে বের করার বিষয়ে।”
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)
বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখার আহ্বান জানালেন ব্লিংকেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গণতন্ত্র সমুন্নত রাখার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মঙ্গলবার মুহাম্মাদ ইউনুসের নাম ঘোষণা করার পর ব্লিংকেন এই আহ্বান জানান।
“অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তই নিক, তাদের গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে,” ব্লিংকেন সাংবাদিকদের বলেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং, যিনি ব্লিংকেনের সাথে দেখা করেন এবং যিনি সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, তিনি সহিংসতা পরিহার করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান।
“আমরা সব পক্ষকে সহিংসতা কমাতে এবং সার্বজনীন অধিকার শ্রদ্ধা করার আহ্বান জানাচ্ছি,” তিনি বলেন।
“সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাবলী নিয়ে স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের জন্য আমরা আহ্বান জানাচ্ছি,” মেরিল্যান্ড রাজ্যের অ্যানাপোলিসে যুক্তরাষ্ট্র নেভাল অ্যাকাডেমিতে আলোচনার পর ওয়ং বলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার (৭ অগাস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির এক আদেশে তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে।
এর আগে এ বছরের ২৭ জুন তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিল সরকার।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)
বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
বেনাপোলে সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতা-কর্মীরা যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে বেনাপোল দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় সজীব হালদার নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি। তিনি ঢাকার নবাবগঞ্জ বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
বিজিবি জানায়, যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যশোর ৪৯ ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন। ইতোমধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ও বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। অবৈধপথে ভারতে যাওয়ার জন্য বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আঁচড়া, কাশিপুর ধাণ্যখোলা, রঘুনাথপুর, গোগা, শিকারপুর ও হরিশ্চন্দ্রপুর সীমান্ত ব্যবহার করা হয়।
বিজিবি আরও জানায়, দেশব্যাপী সহিংসতা ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর দেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে প্রবেশকারীদের রুখতে মঙ্গলবার ঢাকা সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়। ফলে সীমান্ত এলাকায় বিজিবিকে সতর্কবস্থায় রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশের ওপারে সীমান্তে ভারতীয় বিএসএফও কঠোর অবস্থানে রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, "দেশের এই পরিস্থিতিতে বেনাপোল দিয়ে যাত্রী যাতায়াত কমেছে। ভ্রমণ ভিসায় কড়াকড়ি ও মেডিকেল ভিসায় যাত্রী যাতায়াত করছে।"
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, "বেনাপোলে সীমান্তের বিভিন্ন পয়েন্টে কঠোর নজরদারি রাখা হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতা-কর্মীরা যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে প্রত্যেক বিওপি পোস্টে কঠোর নিরাপত্তা জোরদারসহ অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে।"
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)