অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২২:৩৭ ৮.৮.২০২৪

প্রধান উপদেষ্টা ইউনূসকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী

বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি লিখেছেন, "প্রফেসর মুহাম্মদ ইউনূসের এই নতুন দায়িত্ব গ্রহণকালে তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আশা করি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং হিন্দু ও অন্যান্য সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

০২:২৩ ৯.৮.২০২৪

অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণে বলেন, "অরাজকতার বিষবাষ্প এখন যে-ই ছড়াবে বিজয়ী ছাত্র-জনতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে।"

ভাষণে তিনি আরো বলেন, "...স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোও। সেনা, নৌ, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড কেউ বাদ যাবেনা।"

দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার।

০৩:০৮ ৯.৮.২০২৪

মাকে দেখতে চাইলেও গোপনীয়তার স্বার্থে তা করছেন না সায়মা ওয়াজেদ

সায়মা ওয়াজেদ
সায়মা ওয়াজেদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বলেছেন, তিনি তার মাকে দেখতে চাইলেও তার (শেখ হাসিনা) গোপনীয়তার স্বার্থে তা করছেন না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি বলেন, "যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের জন্য: আমি মাকে দেখতে চাইলেও, তিনি কোথায় আছেন তা জানাজানি হোক তা কোনভাবেই চাই না।"

আগের দিন বুধবার সায়মা ওয়াজেদ আরেক বার্তায় এক্স-এ বলেছিলেন, "যে দেশকে আমি এত ভালোবাসি, আমার সেই দেশে এত প্রাণহানিতে আমার মন ভেঙে গেছে। এতটাই মন খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং জড়িয়ে ধরতে পারছি না।"

০৩:২৮ ৯.৮.২০২৪

সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ডঃ ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানালো

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, তারা ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত।

“ডঃ ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করছেন, এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত,” মিলার তার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন।

মিলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ডঃ ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

আরও লোড করুন

XS
SM
MD
LG