গণআন্দোলন দমনে করা মামলা তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার
গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমনে করা ফৌজদারি মামলা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেন। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১. জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।
২. গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩. শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
৪. সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে।
৫. আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে ফোন করলে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভুক্তভোগীদের সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালেন ব্লিংকেন
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
ব্লিংকেন বলেন, "বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেওয়াকে আমি স্বাগত জানাই।"
বাংলাদেশ সময় শনিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল এক্স-এ এক সংক্ষিপ্ত বার্তা শেয়ার করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ড. ইউনূসের শান্ত থাকার ও শান্তির আহ্বানকে সমর্থন করে।
ব্লিংকেন বলেন, "বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
রংপুরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন প্রধান উপদেষ্টা
শনিবার (১০ আগস্ট) রংপুরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, "নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের।"
ড. ইউনূস বলেন, "আবু সাঈদ বাংলাদেশের সব পরিবারের সন্তান।"
অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা আবু সাঈদকে মনে রাখবে এবং তার মতো হওয়ার অঙ্গীকার করবে।
প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদ এখন দেশের প্রতিটি ঘরে ঘরে আছে।
তিনি বলেন, শহীদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। কোনো ধরনের অরাজকতা যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, "আমরা সবাই এই মাটির সন্তান, আমরা সবাই আবু সাঈদ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করা সকলের দায়িত্ব।"
বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে সবার প্রতি অনুরোধ জানান নোবেল জয়ী ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, "আবু সাঈদ এমন বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, সবাইকে রক্ষা করুন, আর যেন কোনো নৈরাজ্য না হয়।"
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
‘সংস্কার ও নির্বাচনের প্রত্যাশা সমন্বয় করবে অন্তর্বর্তীকালীন সরকার’, উপদেষ্টা আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে, যতদিন থাকার কথা অন্তর্বর্তীকালীন সরকার ততদিন থাকবে। শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব গ্রহণ কালে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, “মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দুটি বিষয় মনে রাখবেন; এ দেশের মানুষের সংস্কার আকাঙ্ক্ষা এবং এই সরকারের প্রত্যাশা অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।”
তিনি বলেন, “আমরা অতীতেও দেখেছি পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের ওপর নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে বেশ কিছু ভালো পরিষেবাও পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানে কিছু ভালো মানুষও আছেন। কিন্তু সিস্টেম এমন ভাবে দাঁড় করিয়েছে যে ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য প্রতিষ্ঠানগুলো আতঙ্কে পরিণত হয়েছিলো।
“এগুলো সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রেখে আমরা যতদিন থাকার কথা ততদিন থাকবো। এর বেশিও নয়, কমও নয়;” জানান আসিফ নজরুল।
সকাল ৯টা ৩৫ মিনিটে আইন মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সচিবালয়ে যান। তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)