এই মাসের শুরুতে ইসরায়েলি হামলার পর, লেবাননের পরিবহন মন্ত্রী বলেছিলেন যে লেবানন ও সিরিয়ার সীমান্তে মাসনা ক্রসিং দিয়ে রাস্তাটি যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এই ফটো গ্যালারিতে লোকজনকে সেখান দিয়ে তাদের জিনিসপত্র বহন করে পায়ে হেঁটে সিরিয়ায় যেতে দেখা যাচ্ছে। সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪।
মাসনা ক্রসিংয়ে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষ অনেককে পালিয়ে যেতে বাধ্য করেছে। বোমা হামলা এবং বিমান হামলায় বহু মানুষ বাস্তুচ্যুত হলেও, অনেকে লেবাননের বাইরে নিরাপদ ভবিষ্যতের সন্ধানেও দেশত্যাগ করছেন।
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলার পর থেকে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে, এবং সাম্প্রতিক কয়েক সপ্তাহে এই সংঘাত আরও তীব্র হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৪২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।