যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশের জোট আলেপ্পোতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে এবং সিরিয়ার ওই শহরে যে বেসামরিক লোকজন আটকা পড়ে আছে, তাদের কাছে মানবিক সাহায্য পৌছে দেওয়ার প্রচেষ্টায় রাশিয়া যে বাধা দিয়েছে তার জন্য রাশিয়ার তীব্র সমালোচনা করেছে।
বুধবার এক বিবৃতিতে ৬টি দেশের ওই জোট থেকে বলা হয় “ আলেপ্পোতে রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়ার প্রশাসন প্রতি দিন বোমা বর্ষণ করে ও গোলা বর্ষণ করে। হাসপাতাল ও স্কুলগুলো আক্রমণে কোন ছাড় পাচ্ছেনা। বরং সেগুলোকেই হামলার ল্ক্ষ্যবস্তু করা হচ্ছে যাতে লোকজনকে কাবু করা যায়। শিশুরা মারা যাচ্ছে সেই চিত্র খুবই হৃদয় বিদারক।”
ক্যানেডা, ফ্রান্স, জার্মানি, ইটালী, ব্রিটেন এবং যাক্তরাষ্ট্রের নেতারা সিরিয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আলেপ্পো বিষয়ে জাতিসংঘের পরিকল্পনায় রাজী হতে এবং ওই শহরে মানবিক সাহায্য যেতে দিতে।