আসন্ন বিধানসভা ভোটমুখী পশ্চিমবঙ্গে এরিয়া ডমিনেশন এবং সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যে অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল যে ভোটের জন্য পশ্চিমবঙ্গে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সেইমত বাহিনী আসাও শুরু হয়ে গিয়েছে রাজ্যে। জেলায় জেলায় পৌঁছেও গিয়েছে বাহিনী। ইতিমধ্যেই এলাকাভিত্তিক রুটমার্চ, এরিয়া ডমিনেশনের কাজও শুরু করে দিয়েছে বাহিনী। এরপরই আজ নির্বাচন কমিশনের নির্দেশে ফের অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানোর কথা পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নকে চিঠি দিয়ে জানায় স্বরাষ্ট্রমন্ত্রক।
আগামী ৮ মার্চের মধ্যে এই অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে। এই অতিরিক্ত ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে CRPF থাকছে ৭০ কোম্পানি, BSF ১৩ কোম্পানি, CISF ২৫ কোম্পানি, ITBP ২০ কোম্পানি এবং SSB থাকছে ৪১ কোম্পানি। কোভিড স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার বন্দোবস্ত করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে বলে খবর।