আরব লীগের মহাসচিব নাবিল এল-আরাবি আজ রোববার কায়রোতে বলেছেন যে সিরিয়া তাকে সে দেশ সফরে আমন্ত্রণ জানাতে রাজি হয়েছে , যা কীনা এ সপ্তায় হতে পারে। তিনি বলেন যে তিনি সিরিয়ায় মারাত্মক সব সহিংসতার ব্যাপারে আরবদের উদ্বেগের কথাটি তুলে ধরবেন এবং সিরিয়ার নেতাদের মতামত শুনবেন।
এক সপ্তা আগে সিরিয়ার কর্তৃপক্ষ আরব লীগের এই বিবৃতিকে প্রত্যাখ্যান করেছিল যেখানে আরব লীগ সহিংসতা বন্ধের আহ্বান জানায়। আরব বিশ্বের এই সংগঠন, যার সদস্য সিরিয়া নিজেও , সিরিয়ার সরকারকে বেশি দেরি হবার আগেই রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বলছে যে মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবার পর থেকে এ পর্যন্ত সেখানে সোয়া দুই হাজারের মতো লোক নিহত হয়েছে।
সিরিয়ার সক্রিয়পন্থিরা জানাচ্ছে যে হামা প্রদেশের সরকারী কৌশুলি আদনান বাকুর , যিনি সরকারী পক্ষ ত্যাগ করেছেন , তার খোজে সরকারী বাহিনী আরও ৫ জনকে হত্যা করেছে।