অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদে মদদের দায়ে ফিলাডেলফিয়ায় বাংলাদেশের এক দম্পতির জেল 

আইসিসের পতাকা
আইসিসের পতাকা

আইসিসকে সহায়তার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশি দম্পতিকে কারাদন্ড প্রদান করা হয়েছে। ফিলাডেলফিয়ার ফেডারেল জজ জশুয়া ডি ওলসন ৯ই সেপ্টেম্বর এ রায় প্রদান করেন বলে ইউএস অ্যাটর্নি জেনিফার আরিবিটার উইলিয়ামস জানিয়েছেন। আদালত ৪০ বছর বয়সী শহীদুল গাফ্ফারকে ১৮ মাস এবং ৩৫ বছর বয়সী তার স্ত্রী নাবিলা খানকে দুই বছরের দন্ড দিয়েছেন। এই দন্ডভোগের পর তাদের আরও তিন বছর নজরদারিতে থাকতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, এই দম্পতি তাদের দুই ভাইকে ২০১৫ সালে সিরিয়ায় পাঠিয়েছেন আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র হিসেবে চিহ্নিত আইসিসে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য । শহীদুল-নাবিলা দম্পতির প্ররোচনায় তাদের দুই ভাই সিরিয়ায় যান সন্ত্রাসী কাজে লিপ্ত হতে। ২০১৪ সালের সেপ্টেম্বরে তারা নিজেদের মধ্যে এসব বিষয় নিয়ে কথা বলেন। নাবিলা খান ২০১৫ সালের জানুয়ারিতে বাংলাদেশে বসবাসরত তার বোনকে কিছু স্বর্ণালংকার বিক্রি করতে বলেন। সেই টাকা তার ভাইদের দেওয়ার পরামর্শ দেন। গাফ্ফার স্ত্রীর মাকে ফোন করে অভিবাদন জানান এমন সাহসী পুত্র জন্মদানের জন্য। এরপর নাবিলা খান নিজেও ঢাকায় যান ভাইকে বিদায় জানাতে। উল্লেখ্য, নাবিলা খানের এক ভাই স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বাস করতেন এই দম্পতির বাসায়। তাকেও উদ্বুদ্ধ করা হয় আইসিসে যোগদানের জন্য।

মামলার বিবরণে আরও জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে নাবিলা খানের ভাইয়েরা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি পরিবর্তন করে কালো পোশাকে আইসিসের পতাকার সামনে দাঁড়ানো ছবি স্থাপন করেন। খানের এক ভাই ২০১৯ সালের মার্চে সিরিয়ায় সন্ত্রাসবাদে লিপ্ত থাকা অবস্থায় গুলিতে মারা যায়।

This item is part of
XS
SM
MD
LG