ভারতে তামিলনাড়ুর ভেলোরের পরে আজ আবার আন্দিপাত্তিতে ভোটের আগের দিন বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আগামীকাল ১৮ই এপ্রিল তামিলনাড়ুর কয়েকটি লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সঙ্গে সারা দেশে দ্বিতীয় দফার ভোট। ভোটে টাকার লেনদেন আর টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করতে নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক, তামিলনাডুতে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। ভেলোর লোকসভা কেন্দ্রের দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম (ডিএমকে) প্রার্থীর বাড়ি ও অফিসে হানা দিয়ে ১১ কোটি টাকা উদ্ধারের পর গতকাল অভূতপূর্ব ভাবে ঐ কেন্দ্রের ভোটই বাতিল করে দেওয়া হয়েছে।
এদিকে, আজই আন্দিপাত্তি বিধানসভা কেন্দ্রের আম্মা মাক্কাল মুন্নেত্রা কাঝাগম (এএমএমকে) পার্টির অফিস থেকে আয়কর দফতর নগদ দেড় কোটি টাকা পেয়েছে। ঐ এলাকার ভোটারদের নাম লেখা কয়েক হাজার খামে মাথাপিছু ৩০০ টাকা করে রাখা ছিল। সেই টাকা বাজেয়াপ্ত করতে গেলে পার্টির কর্মীরা বাধা দেয়। পুলিশকে শূণ্যে গুলি ছুঁড়ে তাদের হঠাতে হয়েছে।