বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহন নিয়ে শুরুতে কিছুটা সংশয় থাকলেও, এখন সব দলই নির্বাচনমুখী। প্রধান বিরোধী জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, দু'নম্বরী কেন, দশ নম্বরী হলেও তারা নির্বাচনে যাবেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৪-৫ দিনের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবারই প্রথম আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে কোন ইন্টারভিউ আহ্বান করেনি। ৪০২৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। আওয়ামী লীগ এবার ৬৫ থেকে ৭০টি আসন শরিকদের জন্য ছেড়ে দেবে এমনটাই বলা হচ্ছে।
মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। সে কারণে আসন ভাগাভাগির আলোচনা থমকে গেছে।
বিরোধী বিএনপি রোববার থেকে প্রার্থীদের ইন্টারভিউ নেয়া শুরু করেছে। ৪৫৮০ জন প্রার্থী দলটির মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইন্টারভিউয়ে যোগ দিয়েছেন।
এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, একজন দন্ডিত পলাতক আসামি এতে যোগ দিতে পারেন কিনা সেটা দেখার বিষয়।
এ সম্পর্কে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, তারেক রহমান বিদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারেন কিনা তা আইনে স্পষ্ট কিছু বলা নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার কিভাবে নেবেন এটা একান্তই নিজস্ব সিদ্ধান্ত। এ নিয়ে প্রশ্ন কেন?
ওদিকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হলে তারা অতীত অভিজ্ঞতার আলোকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে।