বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার কর্তৃপক্ষকে বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেয়ার আহ্বান পুনঃব্যাক্ত করে আশা প্রকাশ করেছেন যে দুই দেশ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে পারবে।
বর্তমানে বাংলাদেশ সফররত মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা ইউ থং তুন মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলে এমন মন্তব্য করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন।
শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের ৩০হাজার নিবন্ধিত রোহিঙ্গাসহ ৪ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে উল্লেখ করে বলেন এদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে তাঁর দেশ সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
এদিকে, বর্তমানে বাংলাদেশ সফররত, আন্তরজাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমান প্রধানমন্ত্রীরসাথে সাক্ষাত করে বলেছেন রূপপুর পরমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তার সংস্থা বাংলাদেশকে সকল প্রকার সমর্থন দেবে।