বুধবার গভীর রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট বৃহত্তর সাহারার ইসলামিক স্টেটের নেতার মৃত্যুর খবর ঘোষণা করেছেন। সাহেল অঞ্চলে আট বছরেরও বেশি সময় ধরে উগ্রবাদিদের বিরুদ্ধে লড়াই করার পর আদনান আবু ওয়ালিদ আল-সাহরাভির হত্যাকাণ্ডকে তিনি ফরাসি সেনাবাহিনীর জন্য "একটি বড় সাফল্য" বলে অভিহিত করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ টুইট করেছেন যে ফরাসি বাহিনী আল-সাহরাভিকে হত্যা করেছে তবে এর চাইতে আরও বিস্তারিত কোন তথ্য তিনি দেননি। আল-সাহরাভি কোথায় নিহত হয়েছে তা ঘোষণা করা হয়নি, যদিও মালি এবং নাইজারের সীমান্তে ইসলামিক স্টেট গ্রুপ সক্রিয়।
ম্যাক্রঁ টুইট করে বলেন, "জাতি আজ রাতে সমস্ত বীরদের স্মরণ করছে যারা ফ্রান্সের জন্য সাহেল, সার্ভেল এবং বারখানের অভিযানে নিহত হয়েছে, শোকাহত পরিবারগুলি এবং আহতদের স্মরণ করছে।তাদের আত্মত্যাগ বৃথা নয়।"
কয়েক সপ্তাহ ধরে মালিতে এই জঙ্গি নেতার মৃত্যুর গুজব শোনা যাচ্ছিল।যদিও ঐ অঞ্চলের কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেনি। তবে এই জঙ্গি নেতাকে মেরে ফেলার দাবিটিকে নিরপেক্ষ কোন সুত্র থেকে যাচাই করা বা দেহাবশেষ কীভাবে চিহ্নিত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব ছিল না।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি টুইট করে বলেন, "এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এটি একটি চরম আঘাত।আমাদের লড়াই অব্যাহত আছে।"
২০১৭ সালে আল-সাহরাউই নাইজারে যুক্তরাষ্ট্রের চার সেনা সদস্য এবং নাইজারের সামরিক বাহিনীর চার সদস্যের হত্যার দায় স্বীকার করেছিল।তার দল সাহেলে বিদেশীদের অপহরণ করেছে এবং বিশ্বাস করা হয় যে এখনও আমেরিকান নাগরিক জেফরি উডকে’কে আটকে রাখা হয়েছে।জেফরি উডকে’কে ২০১৬ সালে নাইজারে তার বাড়ি থেকে অপহরণ করা হয়।