অ্যাকসেসিবিলিটি লিংক

১০৪ বছর বয়সে লিখতে শিখলেন কুট্টিয়াম্মা

১০৪ বছর বয়সি কুট্টিয়াম্মা
১০৪ বছর বয়সি কুট্টিয়াম্মা

ভারতের কেরালার কোট্টায়াম জেলার কুট্টিয়াম্মা প্রমাণ করেছেন, বয়স সত্যিই সংখ্যামাত্র। ১০৪বছর বয়সে কেরালা রাজ্য সাক্ষরতা মিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। বয়স শুনে চমকে উঠছেন সকলেই। বেঁচে থাকলেও এই বয়সে বার্ধক্যের ভারে নুইয়ে যান বেশির ভাগ মানুষই। কিন্তু কুট্টিয়াম্মা যেন এসবের ঊর্ধ্বে। তিনি জীবনের নতুন অধ্যায় শুরুই করলেন এই বয়সে এসে।

১০৪ বছর বয়সি কুট্টিয়াম্মা স্কুলের গণ্ডিই পার করেননি ছোটবেলায়। তবে তিনি পড়তে জানতেন। লিখতে পারতেন না। তাই সাক্ষরতা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই প্রথমে কাগজ-কলমের সঙ্গে পরিচিত হন তিনি। ধীরে ধীরে লিখতে শিখলেন। কুট্টিয়াম্মার বাড়িতে সকাল ও সন্ধ্যার শিফটে ক্লাস হতো। শতবর্ষী এই বৃদ্ধাকে উৎসাহও দিয়েছেন সকলে।

আর তারই ফলাফল হাতেনাতে। সম্প্রতি কোট্টায়ামের আয়রাকুন্নান পঞ্চায়েতের তরফে সাক্ষরতা পরীক্ষা পরিচালনা করা হয়। সেই পরীক্ষাতেই বসেন তিনি। তাতে তিনি শুধু যে পাশই করেছেন তাই নয়, রেকর্ড নম্বরও পেয়েছেন। ১০০-র মধ্যে ৮৯!

কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি নিজে কুট্টিয়াম্মাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করে লেখেন, "কোট্টায়ামের ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা কেরালা রাজ্য সাক্ষরতা মিশন পরীক্ষায় ১০০-এর মধ্যে ৮৯ নম্বর পেয়েছেন। কুট্টিয়াম্মা দেখিয়েছেন লেখা-পড়ার কোনো বয়স হয় না। শ্রদ্ধা এবং আন্তরিক ভালবাসার সঙ্গে আমি তাকে এবং অন্যান্য নতুন শিক্ষার্থীদের শুভকামনা জানাই।" এই শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি কুট্টিয়াম্মার একটি ছবিও টুইট করেছেন।

ভারতের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এই কেরলেই। কেরল রাজ্য সাক্ষরতা মিশন অথরিটি রাজ্যের সকল নাগরিকের জন্য সাক্ষরতা, শিক্ষার প্রচার করে এই গৌরব এনেছে রাজ্যে।

This item is part of
XS
SM
MD
LG