ভারতের নয়াদিল্লির কারোলবাগে আজ ভোর রাতে একটি হোটেলে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন।
শীতের ভোর, ঠান্ডায় জড়োসড়ো দিল্লিতে কারোলবাগের অর্পিত প্যালেস হোটেলের ঘুমন্ত অতিথিদের কেউ বুঝতেই পারেননি আগুন লেগেছে। ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে, দেখতে দেখতে ছ'তলা বাড়িটি ভরে যায় ঘন কালো ধোঁয়ায়। দমকলের ২২টি ইঞ্জিন গিয়ে ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১৭ জন প্রাণ হারিয়েছেন। কেউ হতচকিত অবস্থায় জানালা দিয়ে ঝাঁপ দিয়ে, কেউ ধোঁয়ায় দমবন্ধ হয়ে। জনা কুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর একজন মন্ত্রী জানিয়েছেন, হোটেলের আপৎকালীন কোন ব্যবস্থা কাজ করেনি। এমনকি এমারজেন্সি একজিটও বন্ধ ছিল। ঘটনার তদন্ত চলছে।
এদিকে কলকাতাতেও আজ সকালে একটি বস্তি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গতকাল একটি চেয়ার কারখানায় আগুন লাগার পর নিখোঁজ পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।