দীর্ঘ আড়াই বছর পর আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তবে ঠিক এই সময় এই বৈঠকের জন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সারদা চিট ফান্ডের নথি ও প্রমাণ লোপাটের অভিযোগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজে গত কয়েক দিন ধরে হন্যে হয়ে ঘুরছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তিনি গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়েছেন, আর ঠিক এই সময়েই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে তড়িঘড়ি দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করে আলোচনা করবেন, সেটা স্বাভাবিক। কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ, সিপিএমের সুজন চক্রবর্তী ও কংগ্রেসের অধীর চৌধুরীর কটাক্ষ, সারদা কেলেঙ্কারির তদন্তে তাঁকে নিয়ে যেন টানাটানি করা না হয়, সেই অনুরোধ করতেই মমতা মোদীর দ্বারস্থ হয়েছেন।
তাৎপর্যজনক ভাবে মমতা মোদীর হাতে হলুদ গোলাপের তোড়া তুলে দেন, যাকে বন্ধুত্বের প্রতীক মনে করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী হাসি মুখে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে ভালো আলোচনা হয়েছে। মোদীকে তিনি রাজ্যে আসার আমন্ত্রণও জানিয়েছেন।