ভারতে গোটা দেশের প্রায় সর্বত্র গরম পড়েছে, গলছে হিমালয়ের বরফ। এই সুযোগে পাক সেনা চেষ্টা করছে নিয়ন্ত্রণরেখা টপকে যত বেশি সম্ভব জঙ্গিকে ভারতে ঢুকিয়ে দেওয়া যায়। এ জন্য নিয়ন্ত্রণরেখায় ছোট ছোট দলে ভাগ হয়ে অপেক্ষা করছে অসংখ্য জঙ্গি। সুযোগ পেলেই তারা এ পাশে চলে আসবে।কিন্তু ভারতীয় নিরাপত্তা বাহিনীও চুপ করে বসে নেই। নিয়ন্ত্রণরেখা বরাবর গুরেজ, মাছিল, নৌগাম ও উরি সেক্টরে একের পর এক অপারেশন চালিয়ে গত ছিয়ানব্বই ঘণ্টায় তারা খতম করেছে তেরো জন পাকিস্তানি জঙ্গিকে। ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড হেডকোয়ার্টারের মুখপাত্র এ কথা জানিয়েছেন।প্রথমে গত আট তারিখ মাছিল সেক্টরে চার জঙ্গিকে চিহ্নিত করে হত্যা করা হয়, তারপর সেদিনই নৌগামে নিহত হয় তিন জঙ্গি। তারপর থেকে উরি আর গুরেজ সেক্টরেও চলছে অপারেশন। উরিতে এখনও পর্যন্ত মারা পড়েছে পাঁচজন সশস্ত্র অনুপ্রবেশকারী আর গুরেজে একজন।
জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক, দাহ্য পদার্থ, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। সম্ভবত রমজান মাসে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর টার্গেট ছিল তাদের বলেই খবর।