উত্তর ভারতের ভারত পাকিস্তান সীমান্তে ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের রজৌরি ও পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন এবং তিন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে পণেরো বছর বয়সি এক কিশোরীও আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রজৌরি প্রশাসন নিয়ন্ত্রণরেখার কাছে চুরাশি টি স্কুল তিনদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রণরেখার কাছে গ্রামগুলি থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সেনা সূত্রে খবর রজৌরির ভিম্বর গলি সেক্টরে লাগাতার গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। এতে মৃত্যু হয় এক ক্যাপ্টেন সহ চার ভারতীয় সেনা জওয়ানের। সেই সাথে পাক গুলিতে জখম হয় ইসলামাবাদ গ্রামের বাসিন্দা শাহবাজ বানো নামে বছর পনেরোর কিশোরী। আহত হন এক জওয়ানও। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এখানেও, পাক হামলার সমুচিত জবাব দেয় ভারতীয় সেনা। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলি বিনিময় হয়। প্রসঙ্গত বলা যেতে পারে জানুয়ারির মধ্যে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু, কাঠুয়া ও সাম্বা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ ও রাজৌরিতে পাক গোলাগুলিতে আট নাগরিক সহ চোদ্দো জন প্রাণ হারান।