রাজ্য নয় বিগত দিনে গোটা দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার পর্যালোচনা রিপোর্ট তুলে ধরে রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালানোর ক্ষেত্রে এক কথায় কংগ্রেসের সঙ্গে জোট গড়েই ভোটে নামার সওয়াল করছে পশ্চিমবঙ্গ রাজ্য সিপিএম। কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সখ্য রাখার ক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কট্টরপন্থী লবির প্রবল আপত্তির পরেও তারা পরোক্ষে এই সওয়াল করতে চলেছে আসন্ন রাজ্য সম্মেলনে। আগামী সোমবার থেকে শুরু হবে রাজ্য সম্মেলন। তার খসড়া রাজনৈতিক দলিলেই কংগ্রেস সখ্যের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই দলিলের উপর চারদিন ধরে চর্চা চলবে। প্রকাশ কারাত, বৃন্দা কারাত, এসআর পিল্লাইদের মতো শীর্ষস্থানীয় কট্টরপন্থী নেতাদের সামনে এই জোটের পক্ষে উচ্চগ্রামে যাতে সওয়াল চলে, সেই ব্যবস্থাও করা হচ্ছে। জেলার প্রতিনিধিদেরও সেই মতো আগাম বার্তা দেওয়া হয়েছে বলে সিপিএম রাজ্য সদর দপ্তর আলিমুদ্দিনের খবর।