জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ ( জে এমবি) এর নেতা সাইদুর রহমানের গ্রেপ্তারের জন্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে। গত ২৩শে মে সাইদুর রহমানকে আটক করা হয়।
ওয়াশিংটনে প্রকাশিত এক বিবৃতিতে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেইক বলেন যে জেএমবি বাংলাদেশের অসামরিক লোকজনের বিরুদ্ধে অনেকগুলো বেপরোয়া সহিংসতার জন্য দায়ি। এই সব হিংসাত্মক ঘটনার মধ্যে রয়েছে ২০০৫ সালের অগাস্ট মাসে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলায় সুপরিকল্পিত ভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং বাংলাদেশের বিচারক , পুলিশ ও জনসাধারণের উপর আক্রমণ পরিচালিত হয়।
তিনি বলেন কুখ্যাত সন্ত্রাসীদের নেতাদের গ্রেপ্তারের ক্ষেত্রে সাইদুরের গ্রেপ্তার হচ্ছে আরেকটি সাফল্যের ঘটনা। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এ পর্যন্ত এমন বহু সন্ত্রাসী নেতাদের গ্রেপ্তার করেছে যারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অসাম্প্রদায়িক চেতনার প্রতি হুমকি হয়ে থেকেছে।
ব্লেইক বলেন যে সন্ত্রাসীদের অব্যাহত ভাবে প্রত্যাখ্যান করায় এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অব্যাহত সহযোগিতা কামনা করছে।