অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাস দিয়ে স্থায়ী সাম্রাজ্য কায়েম হয় না, আফগানিস্তান পরিস্থিতির মধ্যেই অর্থবহ মন্তব্য নরেন্দ্র মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবস উদযাপনের সময় জাতির উদ্দেশ্যে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন.১৫ আগস্ট ২০২১।,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবস উদযাপনের সময় জাতির উদ্দেশ্যে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন.১৫ আগস্ট ২০২১।,

আফগানিস্তানে তালিবানি শক্তির উত্থান নিয়ে কৌশলগত অবস্থান নির্ধারণে সতর্কতার সঙ্গেই এগোচ্ছে নয়াদিল্লি। এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সহযোগী দেশগুলির সঙ্গে নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। কিন্তু এরই মাঝে শুক্রবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাতের সোমনাথ মন্দিরের উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “ধ্বংসাত্মক শক্তি তথা সন্ত্রাসের মাধ্যমে আতঙ্কের পরিবেশ কায়েম করে যারা সাম্রাজ্য গড়ে তোলায় বিশ্বাস করে, তারা কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করতে পারে ঠিকই। কিন্তু তার অস্তিত্ব কখনওই স্থায়ী হয় না। বেশি দিন ধরে তা মানবতাকে দমন করে রাখতে পারে না”।

বিদেশি শক্তি অতীতে বারবার সোমনাথ মন্দির আক্রমণ করেছে। লুঠতরাজও চালিয়েছে। যে সোমনাথ মন্দির ভারতীয় সংস্কৃতির অন্যতম আধারশিলা। এদিন সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেছেন, “সহস্ত্র বছরের ইতিহাস এই মন্দিরের। কতবার যে তা ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে বা তার অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা হয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু যতবার তা ভাঙা হয়েছে, ততবারই মাথা তুলে দাঁড়িয়েছে”।

স্পষ্ট করে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এদিন কোনও কথা বলেননি। তবে বিদেশ মন্ত্রক সূত্র জানাচ্ছে, কাবুলের পরিস্থিতির প্রেক্ষাপটেই এহেন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তার কারণও রয়েছে। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় এসেছে মাত্র পাঁচ দিন আগে। ক্ষমতায় বসেই শান্তির বার্তা দিয়েছিল তারা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আফগানভূমে ব্যাপক অরাজকতা চলছে। কান্দাহার আর হেরাতের ভারতীয় কনস্যুলেট লুঠ করা হয়েছে বলে জেনেছে নয়াদিল্লি। এও জানা গিয়েছে, সেখান থেকে গোপন ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে গিয়েছে তালিবানরা। তা ছাড়া কনস্যুলেট থেকে কিছু গাড়িও তারা বাজেয়াপ্ত করেছে।

তাৎপর্যপূর্ণ হল, আফগানিস্তানের চলতি পরিস্থিতির মধ্যে নয়াদিল্লি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে এ হেন মন্তব্য আগে করা হয়নি। বরং সংযত প্রতিক্রিয়াই জানাচ্ছিল ভারত। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন। সেখানে বৃহস্পতিবারও সংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, "আফগানিস্তানে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যান্যদের মতো আমরাও সেই পরিবর্তিত পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার যুদ্ধ বিধ্বস্ত ওই দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ওখানে নানা জায়গায় আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা।" শুক্রবার ভারতে ফেরার কথা বিদেশমন্ত্রীর। তার পর আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডাকতে পারেন প্রধানমন্ত্রী।

This item is part of
XS
SM
MD
LG