আজকে আপনাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের এই অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ান্মার এখন বিশ্বদরবারে। ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ান্মারের রাখাইন প্রদেশে বাহ্যত উগ্রবাদীদের এক ঝটিকা আক্রমণের জবাবে মিয়ান্মারের সেনাবাহিনী অসামরিক এবং নিরীহ রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নৃশংস অভিযান চালায়, যে ভাবে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয় এবং রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হয় , তাতে প্রাণের ভয়ে সাত লক্ষের ও বেশি রোহিঙ্গা নারী-পুরুষ –শিশু বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। তারা এখনো কক্সবাজারের ত্রাণ শিবিরগুলোতে অবস্থান করছে , অপেক্ষা করছে কবে নাগাদ নিরাপদে স্বদেশে ফিরে যেতে পারবে।
বাংলাদেশ সরকার তাদের নির্বিঘ্নেপ্রবেশাধিকার দিয়ে এবং তাদের অস্থায়ী ভাবে বাস করার সুযোগ দিয়ে বিশ্বে যেমন প্রশংসা অর্জন করেছে , তার বিপরীতে মিয়ান্মার সেনাবাহিনীর আচরণ, বিশ্বব্যাপী তীব্র সমালোচনার ঝড় তুলেছে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলো এই ঘটনার সমালোচনা করেছে। সম্প্রতি গাম্বিয়া দ্য হেইগে অবস্থিত জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছে। এই বিচারের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশ্লেষণের জন্য আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন প্রথিত যশা আইনজীবি , এক সময়ে আফগানিস্তানে জাতিসংঘে মূখ্য র্যাপটায়ের,বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ব্যারিস্টার ড কামাল হোসেন ।
আমাদের আজকের অপর অতিথি হচ্ছেন ব্রাসেলস ‘এ মানবাধিকার বিষয়ক বিশিষ্ট আইনজ্ঞ জনাব আহমেদ জিয়াউদ্দিন । আজকের কল ইন শো সঞ্চালন করেছেন আনিস আহমেদ।