সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে দীর্ঘমেয়াদী কূটনৈতিক বিরোধ সংশ্লিষ্ট দাবিগুলোর বিষয়ে জবাব দিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সোমবার কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ এর কাছে কাতারের শেখ তামিম এর হাতে লেখা চিঠি হস্তান্তর করেন। তবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
এর আগে সৌদী আরব এবং তার মিত্র দেশগুলো তাদের দাবী পূরণের জন্য কাতারকে যে চুড়ান্ত সময়সীমা দিয়ে ছিল, তা ৪৮ ঘন্টা বাড়িয়ে দেয়।
কুয়েত চেষ্টা করছে কাতার সঙ্কটের একটা শান্তিপূর্ণ সমাধান করতে এবং তারাই রবিবার ওই মেয়াদ সম্প্রসারণের আবেদন জানায়।
সোমবার ভোরে কুয়েতে এবং সৌদী আরবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো একটি সমন্বিত বিবৃতি প্রকাশ করে যেটিতে চুড়ান্ত সময়সীমার মেয়াদ সোমবার দিনের শেষ অবধি সম্প্রসারণের কথা নিশ্চিত করা হয়।
সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর ৫ই জুন কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বানিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। তারা দোহা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে যে কাতার ইরানের সঙ্গে একযোগ হয়ে সন্ত্রাসবাদে মদদ যোগায়।
কাতার ওই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে ওই সব অভিযোগ ভিত্তিহীন।