জাতিসংঘ মহা সচিব এন্টোনিয় গুটেরাস বৃহস্পতিবার মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন ষ্টেটের পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছানোর আগেই দ্রুত কার্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত কয়েক মাস ধরে ঐ রাজ্য থেকে প্রায় ৫লক্ষ রোহিংগা মুসলমান পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে পালিয়ে গিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রকাশ্য অধিবেশনে গুটেরাস বলেন, পরিস্থিতি এমন চরম পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্বে এখন সব চাইতে দ্রুততম ক্রমবর্ধমান জরুরী অবস্থা বলেই পরিগণিত।
এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঐ পরিষদটি গত একমাসে ৩ বার অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়। তবে ২০০৯ সালের পর মিয়ানমারের বিষয়টি নিয়ে প্রথম বৃহস্পতিবার তারা প্রকাশ্য অধিবেশনে আলোচনা করেন । তিনি ঐ অঞ্চলে সামরিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।