রবিবার ভিসা সেবা বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র দূতাবাস
রবিবার বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসের সমস্ত ভিসা এবং ইউএস সিটিজেন সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বলা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, দূতাবাস রবিবার সীমিত আকারে খোলা থাকবে ও কার্যক্রম চলবে।
জরুরী ভ্রমণ পরিকল্পনা যাদের রয়েছে তাঁরা একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অনুরোধ করতে পারেন।
'রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে,' বললেন সেনাপ্রধান
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৩ আগস্ট) সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে তিনি তা গ্রহণ করেন।
এসময় দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।"
এ ছাড়াও, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সকল সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডারসহ সকল পদবির সেনাকর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা-ভাঙচুর
কোটা সংস্কার আন্দোলন থেকে চট্টগ্রামের ষোলশহরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এসময় বাড়ির সামনে রাখা দুটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ষোলশহর অতিক্রমকালে এ হামলা হয় বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।
স্থানীয়দের কয়েকজন জানান, ছাত্রদের একটা অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়িটির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়ির নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।
তাৎক্ষণিকভাবে অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
এর আগে, নগরীর টাইগারপাস পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। মিছিল থেকে নগরীর ওয়াসা মোড় এলাকায় পেট্রোল পাম্পের পাশে স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসেও অগ্নিসংযোগ করা হয়।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
বাংলাদেশে অধিকার সমর্থন করতে ব্লিংকেনের প্রতি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের আহ্বান
যুক্তরাষ্ট্র কংগ্রেসের কয়েকজন সদস্য বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানবাধিকারের অবনতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন। চিঠিতে সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি জিম ম্যাকগভর্ন এবং বিল কিটিং-এর নেতৃত্বে কংগ্রেস সদস্যরা বাংলাদেশিদের একটি প্রতিনিধিত্বমূলক সরকার পাবার অধিকার সমর্থন করার জন্য ব্লিংকেনের প্রতি আহ্বান জানান।
“বাংলাদেশে গণতন্ত্রের আরও অবক্ষয় রোধ করতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে সংঘবদ্ধ হতে হবে যাতে মানবাধিকারকে সমুন্নত করে ও ব্যক্তি-স্বাধীনতাকে মর্যাদা দেয়, এমন একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের প্রতি বাংলাদেশের জনগণের অধিকারকে সমর্থন করা যায়।”
চিঠিতে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে গোটা বাংলাদেশে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সে দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে “মানবাধিকার অপব্যবহার ও লঙ্ঘনের ঘটনা ঘটছে।”
“সব ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করতে হবে যুক্তরাষ্ট্রকে এবং সুনিশ্চিত করতে হবে, জরুরি নাগরিক স্বাধীনতা যেমন মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যেন রক্ষিত হয় এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পূর্বোক্ত অবমাননার কাজে দোসর সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য পদক্ষেপ নিতে হবে,” তারা বলেন।
আইনপ্রণেতারা তাদের চিঠিতে অভিযোগ করেন যে, “বাংলাদেশ সরকার এমন পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করে; এগুলির মধ্যে রয়েছে, জানুয়ারি মাসে মারাত্মক ত্রুটিপূর্ণ নির্বাচন আয়োজন, শ্রমবিধি উন্নত করতে ব্যর্থতা, এবং সর্বসম্প্রতি বন্দুক, কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোকারীদের সহিংসভাবে দমনপীড়ন করা ও ইন্টারনেট পরিষেবাকে প্রায় সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ চাপানো।”