অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৭:১২ ৪.৮.২০২৪

আবার বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে আবার বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।রবিবার (৪ আগস্ট) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা দেয় বিটিআরসি।

শুধুমাত্র কল করার জন্য টুজি পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

এদিকে, এক বিবৃতিতে গ্রামীণফোন জানায়, “কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।”

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৭:১১ ৪.৮.২০২৪

সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, নিহত অন্তত ৪ জন

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের ডাকা 'অসহযোগ আন্দোলনের' মধ্যে রবিবার (৪ আগস্ট) সিরাজগঞ্জে বিক্ষোভকারী, আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।

এ ছাড়া, জেলায় দুই সংসদ সদস্যের বাড়িঘর ও থানা-ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যাক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথমে সদর উপজেলার এস এস রোডে সমবেত হন। পরে বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা এর পর, সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এতে আরো তিনজন নিহত এবং অনেকে আহত হন।

সিরাজগঞ্জ-২ ও ৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও মেরিনা জাহানের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জেলা প্রশাসক ও সদর উপজেলার সহকারী কমিশনারের (এসিল্যান্ড) কার্যালয়ও ভাঙচুর করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়িতে হামলা হয়। পাশাপাশি বেলকুচি থানা ঘেরাও করে বিক্ষোভকারীরা।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৭:১০ ৪.৮.২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অন্তত ২০ জন, কয়েকজন গুলিবিদ্ধ

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন চলাকালে আহত অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রবিবার (৪ আগস্ট) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে তারা আহত হয়েছেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষ হয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৭:০৯ ৪.৮.২০২৪

সিলেটে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ১ জন

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

রবিবার (৪ আগস্ট) প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সংঘর্ষে কোনো হতাহত বা গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেনি পুলিশ।

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রবিবার বেলা ১১টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সমবেত হয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়লে, দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা প্রধান সড়ক ছেড়ে আশপাশের গলিতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তারা আবার কোর্ট পয়েন্টে এসে অবস্থান নেয়।

কোর্ট পয়েন্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিটি করপোরেশনসহ বিভিন্ন অফিস রয়েছে। আন্দোলনকারীরা অবস্থান নেয়ার আগেই এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয়।

এদিকে, সিলেট নগরীতে অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করলেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের শপিংমলগুলো।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG