ঢাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সংঘর্ষে নিহত ১০ জন
রাজধানী ঢাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল থেকে শতাধিক মানুষকে হাসপাতালে আনা হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে ১০ জনকে মৃত ঘোষণা করেছের কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন; রাসেল (২৮), আব্দুর রহমান (২২), আবুল কালাম, আবু ইসহাক (৫২), সাইফুল ইসলাম তন্ময় (২২), আজমত মিয়া (২২), রাকিব হোসেন (২৫) ও মানিক মিয়া (২৭)।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
শেখ হাসিনা পদত্যাগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, জানালেন সেনা প্রধান
বাংলাদেশের সেনা বাহিনী প্রধান জেনেরাল ওয়াকার উয-জামান বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। তিনি নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন।
তিনি বলেন রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিনের সাথে দেখা করে সরকার গঠন করা হবে।
তিনি আশ্বাস দেন, সকল হত্যাকাণ্ড এবং অন্যায়ের বিচার করা হবে। তিনি জনগণকে সকল ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
“আপনারা আর সংঘাতের পথে যাবেন না,” তিনি বলেন।
শেখ হাসিনা, যিনি ২০০৯ সাল থেকে এক টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সোমবার পদত্যাগ করেন।
গণভবনের ভেতরে বিক্ষোভকারীদের উল্লাস
বাংলাদেশের গণমাধ্যম জানাচ্ছে, শত শত বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর দফতর এবং বাসভবন গণভবনে প্রবেশ করে উল্লাস করছে। টেলিভিশন চ্যানেলে প্রচার করা দৃশ্যতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা গণভবন থেকে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে।
শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা দুপুরের পর গণভবন ছেড়ে কোন “নিরাপদ স্থানে” চলে যান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে হাজার হাজার মানুষ সান্ধ্য আইন উপেক্ষা করে ঢাকায় মিছিল করে আসে।
শেখ হাসিনা গণভবন 'ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছেন'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তাঁর দফতর এবং বাসভবন গণভবন ছেড়ে কোন “নিরাপদ স্থানে” গিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে। এএফপি জানাচ্ছে, হাসিনার সাথে ঘনিষ্ঠ এক সূত্র খবরটি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স সরকারী সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানাকে তাদের সরকারী বাসভবন থেকে দূরে “নিরাপদ আশ্রয়ে” নিয়ে যাওয়া হয়েছে।