ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।
সোমবার (৫ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার এই বিমানবন্দরটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্ধের সিদ্ধান্ত, এই বিমানবন্দর হয়ে আকাশ পথে পরিবহণ ব্যবস্থায় বিশেষ প্রভাব ফেলেছে।
কবে নাগাদ কার্যক্রম পুনরায় শুরু হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানায়নি।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
হবিগঞ্জে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে নিহত ৩ জন
হবিগঞ্জ জেলা বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। সোমবার (৫ আগস্ট) স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনাট ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীসহ জনগণ স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়।
পরে তারা মিছিল নিয়ে বানিয়াচং থানার কাছে এলে পুলিশ গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হয়। নিহতের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল হক জানিয়েছেন যে গুলিবিদ্ধ হয়ে তিন নিহত হয়েছে। “এদের দুইজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে এবং অপরজন মধ্যবয়সী ব্যক্তি;” জানান সিভিল সার্জন।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা
বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ করা খবর এবং ভিডিও থেকে জানা গেছে, এক দল বিক্ষোভকারী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
ঢাকার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাদুঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
এই বাড়ি থেকে বঙ্গবন্ধু ১৯৭১-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন পরিচালনা করেছিলেন এবং এই বাসাতেই তাঁকে সপরিবারে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট হত্যা করা হয়।
ড. আসিফ নজরুলের ভিডিও বার্তা
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল একটি ভিডিও বার্তায় ছাত্র-জনতাকে ধৈর্য ধারণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, "...আমি আশা করি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে।"