ভিডিও বার্তা দিলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এই ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, “বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না।”
দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহবান জানিয়েছেন মির্জা ফখরুল
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে, জনগণকে শান্ত ও সংযত থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ আগস্ট) মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি দেশবাসীকে শান্ত থাকার আহবান জানাচ্ছি।”
কেউ যেন জনগণ ও সম্পদের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল; জানান শায়রুল কবির খান।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
এটিএন বাংলা ও এটিএন নিউজের কার্যালয়ে ভাঙচুর, সম্প্রচার বন্ধ
ঢাকার কারওয়ান বাজারে এটিএন বাংলা ও এটিএন নিউজের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এটিএন নিউজের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক জানান, “আমাদের অফিসে কিছুই অবশিষ্ট নেই। টেবিল ছাড়া সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে। আমরা নিরাপদে আছি এবং অফিস ছেড়েছি।”
সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরের পর এ হামলা চালানো হয়।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
শেখ হাসিনা দিল্লিতে, জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম
বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছেছেন বলে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে।
প্রকাশনার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫.৩৬-এ গাজিয়াবাদের হিণ্ডন বিমান ঘাঁটিতে তিনি অবতরণ করেন, যেখানে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
ইন্ডিয়া টুডে বলছে, শেখ হাসিনা সম্ভবত দিল্লি থেকে লন্ডন-এর উদ্দেশ্যে যাত্রা করবেন।