শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়ে দাবি পূরণের পরও একটি গোষ্ঠী সরকার বনাম ছাত্র খেলা খেলে পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে।
শিক্ষার্থীদের কেউ ঢাল হিসেবে ব্যবহার করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, "শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। ছাত্রসমাজ কোনোভাবেই সরকারের বিরোধী নয়। আদালতের রায়ের পরপরই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা সত্ত্বেও একটি বিশেষ গোষ্ঠী সরকার বনাম ছাত্র খেলা খেলে পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে।"
প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বাড়ানো হয়েছে বলে জানান আওয়ামী লীগের এই নেতা।
তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি জাতিসংঘ বা কোনো দেশ বা সংস্থা এই তদন্তে যোগ দিতে চায়, তবে তাদের স্বাগত জানানো হয় এবং সরকার তাদের স্বাগত জানাবে।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরেছেন তিনি।
শিক্ষার্থীদের আটকের বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অহেতুক হয়রানি বা আটক না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ২৫
খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ লাইন্সের কনস্টেবল মো. সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনা ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
কনস্টেবল মো. সুমন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, ‘সংঘর্ষে আমাদের ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হয়েছেন এবং পুলিশ লাইন্সের কনস্টেবল মো. সুমন নিহত হয়েছেন।’
তিনি আরও বলেন, "পুলিশ সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেলল।"
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩২ শিশুর প্রাণহানি হয়েছে, বলছে ইউনিসেফ
ইউনিসেফের দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা শুক্রবার (২ আগস্ট) এক বিবৃতিতে বলেছেন, "আমি এক সপ্তাহ পর মাত্রই বাংলাদেশ থেকে ফিরেছি, এবং শিশুদের ওপর সাম্প্রতিক সহিংসতা এবং অব্যাহত অশান্তির প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন"।
সহিংসতায় শিশু নিহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "ইউনিসেফ এখন নিশ্চিৎ করেছে জুলাই মাসের বিক্ষোভে অন্তত ৩২ জন শিশু নিহত হয়েছে এবং অনেকে আহত এবং গ্রেফতার হয়েছে"।
শিশু-কিশোরদেরদের গ্রেফতার প্রসঙ্গে ইউনিসেফ সতর্ক করে বলেছে তাদেরকে যেন অবিলম্বে মুক্তি দেয়া হয়, এটি আন্তর্জাতিক মানবাধিকার এবং শিশু বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের পরিপন্থী। এই কনভেনশনে বাংলাদেশ সই করেছে।
সঞ্জয় উইজেসেকেরা অবিলম্বে শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবার আহবান জানান।
ভিডিওঃ ঢাকায় গণমিছিল
বাংলাদেশে চলমান আন্দোলনে, শিক্ষার্থী ও নাগরিক হত্যা, গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে হাজার হাজার মানুষ শুক্রবার (২ আগস্ট) রাস্তায় নেমে আসেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত প্রার্থনা ও গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ঢাকায় বিক্ষোভ মিছিল বের করেন। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা।
গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার আহবানে সাড়া দিয়ে শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষের ঢল নামে।