সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক সহিংসতার মধ্যে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রবিবার এক নির্বাহী আদেশে সোমবার, মঙ্গলবাল ও বুধবার তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে জরুরি পরিষেবা যেমন- হাসপাতাল, ওষুধ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য সেবা এর আওতার বাইরে থাকবে।
এর আগে সরকার এক নির্বাহী আদেশে ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে। পরে তা আরও একদিন বাড়িয়ে করা হয় ২৪ জুলাই পর্যন্ত।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
মৃতের সংখ্যা
প্রথম আলো তাদের রবিবারের (৪ আগস্ট) অনলাইন সংস্করণে বলছে, রবিবারের সংঘর্ষে নিহতের সংখ্যা ৭২।
এএফপি তাদের রবিবারের প্রতিবেদনে বলছে, রবিবার অন্তত ৫০ জন মারা গেছে।
রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, অন্তত ২৭ জন মারা গেছে। এ সময় বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র কামরুল আহসান বলেছেন, নিহতদের মধ্যে "কমপক্ষে ১৪ জন পুলিশ সদস্য" এবং আরও ৩০০ জন কর্মকর্তা আহত হয়েছেন।
সোমবার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-গণঅবস্থান, মঙ্গলবার ঢাকা অভিমুখে লংমার্চ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের এক দফা দাবিতে সোমবার বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করবে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্ল্যাটফর্মের সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি নিহতদের স্মরণে সোমবার সারাদেশে শহীদ স্মৃতিফলক উন্মোচন করবে তারা।
শাহবাগ মোড়ে বেলা ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া শিক্ষার্থীরা মঙ্গলবার (৬ জুলাই) 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির ডাক দেন এবং তাদের কর্মসূচি সফল করতে শিক্ষার্থী, নাগরিক ও শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়।
এছাড়া 'ছাড়তে হবে ক্ষমতা, ঢাকাই আস জনতা' স্লোগানে এ দিন দুপুর ২টায় শাহবাগ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে সব এলাকা, গ্রাম, উপজেলা ও জেলায় শিক্ষার্থীদের নেতৃত্বে একটি করে 'সংগ্রাম কমিটি' গঠনের আহ্বান জানানো হয়।
(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার বন্ধ থাকবে সোম, মঙ্গল ও বুধবার
সোমবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া তিন দিনের সাধারণ ছুটিতে, ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি চলার সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
দেশজুড়ে নতুন করে সহিংসতা ও মানুষের মৃত্যুর মুখে, রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির পর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে শুরু হওয়া অসহযোগ আন্দোলনের মুখে, রবিবার (৪ আগস্ট) ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।