আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, ঘোষণা প্রধান বিচারপতির
চলমান আন্দোলনের কারণে দেশের সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রবিবার (৪ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশে পৃথক প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম-সংক্রান্ত নিম্নোক্ত নির্দেশনা দেয়া হয়েছে।
১. সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং এর আওতাধীন সব অফিস ও শাখায় বিচারিক কার্যক্রম যথারীতি বন্ধ থাকবে।
২. সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং এর সব অফিস ও শাখায় বিচারিক কার্যক্রম যথারীতি বন্ধ থাকবে।
৩. দেশের সব অধস্তন আদালত এবং এর অফিস ও শাখায় বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
৪. জরুরি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন প্রধান বিচারপতি।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)
স্থানীয় গণমাধ্যমে ৭০ এর বেশি মৃত্যুর খবর
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংসতায় মৃতের সংখ্যা ১০০’র কাছাকাছি চলে গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে।
দ্য ডেইলি স্টার পত্রিকার হিসেব অনুযায়ী, ১৪ জন পুলিশসহ ৭৩ জন মারা গেছেন।
তবে দৈনিক প্রথম আলো জানাচ্ছে, মৃতের সংখ্যা ৯৩।
অন্যদিকে, টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকারের পদত্যাগের দাবীতে সারা দেশে বিক্ষোভ চলাকালে পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের সাথে সংঘর্ষে শত শত মানুষ আহত হয়েছেন।
সরকারের পদত্যাগের দাবীতে 'লংমার্চ টু ঢাকা' পালিত হবে সোমবার
সরকারের রবিবার (৪ আগস্ট) জারি করা অনির্দিষ্টকালের কারফিউকে 'অকার্যকর' ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। আর, 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি মঙ্গলবার (৬ আগস্টা) থেকে একদিন এগিয়ে সোমবার (৫ আগস্ট) নির্ধারণ করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, “এক দফা ঘোষণার পর তাদের কোনো আদেশ বৈধ নয়। তাই সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত কারফিউ অকার্যকর ঘোষণা করা হয়েছে।”
ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে সরকার রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।
ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে কারফিউ জারি করা হয়।
এর আগে তারা সরকারের পদত্যাগের লক্ষ্যে, মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি এবং সোমবার বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্ল্যাটফর্মের সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়া সব এলাকা, গ্রাম, উপজেলা ও জেলায় শিক্ষার্থীদের নেতৃত্বে একটি করে 'সংগ্রাম কমিটি' গঠনের আহ্বান জানানো হয়।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)
মৃতের সংখ্যা
প্রথম আলো তাদের রবিবারের (৪ আগস্ট) অনলাইন সংস্করণে বলছে, রবিবারের সংঘর্ষে নিহতের সংখ্যা ৯৫।
এএফপি তাদের রবিবারের প্রতিবেদনে বলছে, রবিবার অন্তত ৭৭ জন মারা গেছে।
রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, অন্তত ৭৩ জন মারা গেছে।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।