ভারত সীমান্ত বাহিনী হাই অ্যালার্টে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত তার সীমান্ত বাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে।
জয়শঙ্কর বলেন, “গত ২৪ ঘন্টার এই জটিল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"
ওদিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশের কোনো পণ্যের চালান রপ্তানি করেনি ভারত।
এছাড়া ভারতের পেট্রাপোল থেকে পণ্যবোঝাই কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি, কোনো ট্রাক ভারতে যায়নি। বন্দরে পণ্য খালাসও বন্ধ রয়েছে।
বেনাপোল-পেট্রাপোলে প্রায় দুই হাজারের মতো পণ্যবোঝাই ট্রাক আটকা রয়েছে। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪০০-৪৫০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০-২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে।
নতুন পুলিশপ্রধান মো: ময়নুল
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজিপি) মোঃ ময়নুল ইসলাম। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিয়োগ বাতিল করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে।
২০২৩ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিয়োগের মেয়াদ দেড় বছরের জন্য বাড়ায় তৎকালীন সরকার।
বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়ে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব নেন আল-মামুন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২০২১ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দফতর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয়। ঐ সাত কর্মকর্তার মধ্যে ছিলেন র্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের সদ্য-সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও বেনজীর আহমেদ।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছিলো, বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), মাদক দ্রব্যের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত।
বিবৃতিতে বলা হয়েছিলো, তারা আইনের শাসন, মানবাধিকারের মর্যাদা ও মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্ষুণ্ন করে। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। র্যাব হচ্ছে ২০০৪ সালে গঠিত একটি সম্মিলিত টাস্ক ফোর্স। তাদের কাজের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের কর্মকান্ড সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ এবং সরকারের নির্দেশে তদন্ত পরিচালনা করা।
বিবৃতিতে আরো বলা হয়েছিলো, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা এনজিওদের অভিযোগ হচ্ছে যে, র্যাব ও বাংলাদেশের অন্য আইন প্রয়োগকারী সংস্থা, ২০০৯ সাল থেকে ৬০০ ব্যক্তির গুম হয়ে যাওয়া এবং ২০১৮ সাল থেকে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী। কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সব ঘটনার শিকার হচ্ছেন বিরোধী দলের সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কী বললেন
বঙ্গভবনে মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়।
সেই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্যদের নাম পরে জানানো হবে।
বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ
আওয়ামী লীগ সরকারের পতনের পর বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।
সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যোগদানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।
(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)