ঢাকার নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে
ঢাকার নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে।
বুধবারের (৭ আগস্ট) এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো জনসভা করছে বিএনপি।
সকাল থেকেই দলের শীর্ষ নেতাদের ছবি, ব্যানার, প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।
ডঃ মুহাম্মাদ ইউনুস বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে ধারনা
বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, তার প্রধান উপদেষ্টা ডঃ মুহামাদ ইউনুস বৃহস্পতিবার (৮ অগাস্ট) দেশে ফিরবেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ইউনুসের নাম দেশের রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন মঙ্গলবার ঘোষণা করেন।
সাম্প্রতিক ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাব অনুযায়ী ইউনুসের নাম রাষ্ট্রপতি ঘোষণা করেন।
মঙ্গলবার রাতে বঙ্গভবনে ছাত্র প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতি এবং সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে, অন্য কারা মন্ত্রী বা উপদেষ্টা হবেন, সে ব্যাপারে কোন সিদ্ধান্ত জানানো হয় নি।
ইউনুস, যিনি ২০০৬ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, বর্তমানে প্যারিসে অবস্থান করছেন।
ডঃ ইউনুস সংবাদ বার্তায় সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে যাওয়া ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার আগে বুধবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।
ডঃ ইউনুস দেশের “এই সংকটকালে নিজেদের কোনো ভুলের কারণে এই বিজয় যেন ম্লান না হয়ে যায়”, সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন।
“আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি,” তিনি বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ইউনুসের নাম দেশের রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন মঙ্গলবার ঘোষণা করেন।
সাম্প্রতিক ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাব অনুযায়ী ইউনুসের নাম রাষ্ট্রপতি ঘোষণা করেন।
শিক্ষার্থী ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করে তিনি বলেছেন, “প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ।
“একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না,” বলেন ডঃ মুহাম্মাদ ইউনুস, যিনি ২০০৬ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান।
“সহিংসতা আমাদের সকলেরই শত্রু’ উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেছেন, ‘অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন,” তিনি বলেন।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে)
বিএনপি সমাবেশে খালেদা জিয়ার 'প্রতিশোধের পথ' পরিহার করার আহ্বান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান খালেদা জিয়া বুধবার (৭ অগাস্ট) ভিডিও কলের মাধ্যমে পল্টনে দলের সমাবেশে দেয়া ভাষণে প্রতিশোধের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন।
তিনি ২০১৮ সালের পর তাঁর প্রথম রাজনৈতিক ভাষণে “শান্তি ও ভালবাসা” দিয়ে দেশ গড়ার আহ্বান জানান।
“শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি,” ভিডিও বার্তায় জিয়া বলেন।
খালেদা জিয়া ২০১৮ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২০ সালের মার্চ মাসে মানবিক কারণে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়।
গত সোমবার (৫ অগাস্ট) ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন খালেদা জিয়ার সাজা বাতিল করেন।
জিয়া তাঁর ভাষণে সাম্প্রতিক আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানান।
'"দীর্ঘ আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যাঁরা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন,” তিনি বলেন।