ঢাকার ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় সেনা মোতায়ন
ঢাকার ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়ন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে। শুক্রবার (৯ আগস্ট) জানিয়েছে তাঁরা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছেন।
এছাড়া, নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দেশব্যাপী ২০৬ টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সেনাবাহিনী মোতায়ন রয়েছে।
সব মন্ত্রণালয় শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে শুক্রবার (৯ আগস্ট) আলোচনা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সহকারী উপদেষ্টা বা এরকমভাবে পদায়ন করে ছাত্রদের মন্ত্রণায়গুলোতে তদারকির সুযোগ থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেছেন, "আমাদের সব মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কীভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কী হবে, এটা আমরা পরবর্তী সময়ে চিন্তা করবো।"
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাজ্য
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব শুক্রবার (৯ আগস্ট) এক বিবৃতিতে বলেন, "প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নিয়োগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে। আমরা আরও সহিংসতা এবং প্রাণহানি রোধে সকল পক্ষকে আহ্বান জানাই।
গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্যে একটি জবাবদিহিতামূলক ও শান্তিপূর্ণ পথ বাংলাদেশের জনগণের প্রাপ্য।"
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন বলে আসিফ নজরুলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তায় জানান।
ওই ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, "প্রধান বিচারপতি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, যত দ্রুত সম্ভব তা পরবর্তী প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।"
তিনি বলেন, "শুধু প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, অন্য কোনো বিচারপতি পদত্যাগপত্র জমা দেননি।"
দেশের সম্পদ ধ্বংস না করে রক্ষা করতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।
এর আগে দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)