বাইডেন প্রশাসনের কাছে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের উপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ছয় আইনপ্রণেতার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনকে শুক্রবার (৯ আগস্ট) চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ছয় আইনপ্রণেতা।
চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লংঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টিবিলিটি অ্যাক্ট সহ সকল প্রযোজ্য কর্তৃপক্ষের অধীনে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, "বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হ্রাসে সফল হয়েছে, কিন্তু বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেগুলো অপর্যাপ্ত।... যুক্তরাষ্ট্রের আইনে মানবাধিকারের চরম লংঘনে পদক্ষেপ নেয়ার কথা বলা আছে।"
সেনেটর ক্রিস ভন হলেন ও এডওয়ার্ড জে মার্কি ও কংগ্রেস সদস্য লয়েড ডগেট, উইলিয়াম আর কিটিং, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন চিঠিতে স্বাক্ষর করেন।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবী সজীব ওয়াজেদের
শেখ হাসিনা এই সপ্তাহে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবী করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের সাথে ওয়াশিংটন থেকে কথা বলার সময় তিনি এই দাবী করেন।
রয়টার্সকে তিনি বলেন, "আমার মা কখনই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি সময় পাননি।"
"তিনি (শেখ হাসিনা) একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে আসতে শুরু করে। এবং তারপর আর সময় ছিল না।...সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।"
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি পরিহারের সাম্প্রতিক বক্তব্যে সজীব ওয়াজেদ উৎসাহিত বোধ করছেন বলে বলেন, "ঐক্য সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে এক গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান। ৯ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মাদ ইউনূসকে শপথ পাঠ করান।
জুলাই মাসের এক তারিখে সরকারী চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবীতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দু’সপ্তাহের মধ্যে ব্যাপক গণবিক্ষোভে পরিণত হয়। পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ৩০০জন নিহত হয়ে বলে স্থানীয় গণমাধ্যম জানায়। হাসিনার পদত্যাগের পর সারা দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসভবনে হামলা এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ শত শত ভবনে অগ্নিসংযোগ করা হয়। হাসিনার পতনের পরের দু’দিনে দেশে অন্তত ২৩২ নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
হোয়াইট হাউসের সামনে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী সনাতন ধর্মালম্বীরা শনিবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবার ও বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
এই সময় তাদের "আমি কে, তুমি কে, বাঙালী, বাঙালী," স্লোগান দিতে শোনা যায়।
শনিবার (১০ আগস্ট) যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত সনাতন ধর্মালম্বীরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ৫২টি জেলায় ২০৫টি সহিংস ঘটনার বিবরণ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চিঠিটি উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি নির্মল রোজারিও। রোজারিও বলেন, "আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে, এ পর্যন্ত ৫২টি জেলায় অন্তত ২০৫টি সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটেছে।"
"আমরা সারা রাত জেগে বাড়ি ও মন্দির পাহারা দিই। আমি আমার জীবনে এমন ঘটনা দেখিনি। আমরা প্রশাসনের কাছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।"
চিঠিতে দাবী করা হয়েছে, দেশের সংখ্যালঘুদের মধ্যে শঙ্কা, উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
রবিবার (১১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউ'র এক কর্মকর্তা। হাছান মাহমুদ সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
এর আগে, মঙ্গলবার (৬ আগস্ট) দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাছান মাহমুদ-কে আটক করা হয়।
এভিয়েশন সিকিউরিটির এক কর্মকর্তা জানান, “দিল্লিগামী বিমানে ওঠার চেষ্টা করছিলেন তিনি।” পরে তাকে হেফাজতে নেয় বিমান বাহিনীর সদস্যরা।
(এই রিপোর্টের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)