অ্যাকসেসিবিলিটি লিংক

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রবিবার আইনমন্ত্রী আনিসুল হক, এমপির সাথে সাক্ষাৎ করেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রবিবার আইনমন্ত্রী আনিসুল হক, এমপির সাথে সাক্ষাৎ করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের হালনাগাদ নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আলোচনা করেছে যাতে আইনটি বাক স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব না করে সাইবার অপরাধ রোধ করতে পারে।

রবিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

যুক্তরাষ্ট্র জানায়, তারা ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন এবং মানবাধিকার, শ্রমিকের স্বাধীনতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য অপেক্ষা করছে।

এ বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে।

যুক্তরাষ্ট্র সরকার এবং মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ ও তা ব্যবহার করে সাংবাদিকদের হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

গত বছর সেপ্টেম্বর মাসে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকারের বিষয়ে সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজে তিনজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানায়।

নিউ ইয়র্ক ভিত্তিক এই সংগঠনটি এক বিবৃতিতে এই দাবি জানিয়ে অভিযোগ করেছে যে রাজনৈতিক মন্তব্যের কারণে ওই তিন সংবাদ কর্মী কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, সাংবাদিক তাসনিম খলিল ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে তাগিদ দিয়ে নির্মম এই আইনটিকে বাতিলের দাবি জানিয়েছে সিপিজে।

ওদিকে, ২০২১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ সরকার আগ্রাসীভাবে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করেছেI সরকারের করোনা মহামারী ব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করার জন্য কয়েক ডজন লোককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে প্রথমবারের মত শিক্ষাবিদরাও রয়েছেন।"

নেড প্রাইস বলেন, "আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি তারা যেন সাংবাদিকসহ সবার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে। যাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আটক করা হয়েছে, তাদের ন্যায্য বিচার প্রক্রিয়া যেন নিশ্চিত করা হয়।"

This item is part of
XS
SM
MD
LG